টানা দরপতনের পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার সূচক বেড়েছে। এর ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আবারও চার হাজার পয়েন্টের ওপরে উঠে এসেছে। এর আগে গত সোমবার বড় ধরনের দরপতনের ফলে এই সূচকটি ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। আর তাতেই নড়েচড়ে বসে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
টানা দরপতন ঠেকাতে সোমবার বিকেলে শীর্ষ পর্যায়ের বেশ কয়েকটি ট্রেক হোল্ডার (ব্রোকারেজ হাউস) ও মার্চেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করে বিএসইসি। ওই বৈঠকে পতন ঠেকাতে প্রতিষ্ঠানগুলোর সহায়তা চাওয়া হয়। তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা নিজেদের সাধ্যমতো সহায়তার আশ্বাস দেন নিয়ন্ত্রক সংস্থাকে।
ওই আশ্বাসের পরদিন গতকাল লেনদেনের শুরু থেকেই দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক ছিল ঊর্ধ্বমুখী। দিন শেষেও যা অব্যাহত ছিল। তবে সূচক বাড়লেও ঢাকার বাজারে লেনদেন কমেছে আর চট্টগ্রামের বাজারে তা প্রায় আগের দিনের অবস্থাতেই ছিল।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসির গতকালের বাজার পর্যালোচনাবিষয়ক প্রতিবেদনে বলা হয়, শীর্ষ ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের সঙ্গে বিএসইসির বৈঠকের পর গতকাল সাময়িকভাবে হলেও বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা ‘আস্থা’র সঞ্চার হয়েছে। এ কারণে স্বাভাবিকভাবেই গতকাল লেনদেনের শুরু থেকে শেয়ার বিক্রির চেয়ে কেনার প্রবণতা ছিল বেশি। যার ফলে লেনদেনের শেষ পর্যন্ত ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকে।
যোগাযোগ করা হলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ট্রেক হোল্ডারদের সঙ্গে বিএসইসির বৈঠকে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থার সঞ্চার হয়েছে। এখন এ আস্থা ধরে রাখাটাই হবে বড় চ্যালেঞ্জ। কোনোভাবেই যাতে বিনিয়োগকারীদের আস্থায় চিড় না ধরে, সে বিষয়ে বিএসইসিকে নজর রাখতে হবে।
এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল দিন শেষে আগের দিনের চেয়ে ১ দশমিক ৩৮ শতাংশ বা ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৪ পয়েন্টে। অপর স্টক এক্সচেঞ্জ সিএসইর সার্বিক মূল্যসূচকটি এদিন ১ দশমিক ১৫ শতাংশ বা ১৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৪৯ পয়েন্টে। এর আগে সোমবার ডিএসইএক্স ৮৭ পয়েন্ট আর সিএসইর সার্বিক মূল্যসূচক ২১৭ পয়েন্ট কমেছিল।
ডিএসইতে গতকাল ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২১৪টিরই দাম বেড়েছে, কমেছে ৭০টির আর অপরিবর্তিত ছিল ২৭টির দাম। এদিন ডিএসইতে ৩২৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা কম। সোমবার ডিএসইতে ৩৩০ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অন্যদিকে সিএসইতে গতকাল ২২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪৮টিরই দাম বেড়েছে, কমেছে ৫২টির আর অপরিবর্তিত ছিল ২১টির দাম। দিন শেষে সিএসইতে ২৫ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের প্রায় সমপরিমাণ।