নেতিবাচক খবরেও মূল্যবৃদ্ধির শীর্ষে জেনারেশন নেক্সট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার মূল্যবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনস। এদিন ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৭০ পয়সা বা প্রায় সাড়ে ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা ২০ পয়সায়।
কোম্পানিটির এমন মূল্যবৃদ্ধির কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, এদিন কোম্পানিটি কিছু মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে, যা ডিএসইর ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। তাতে দেখা যাচ্ছে, কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা বা এজিএমের জন্য আগামী ২২ ডিসেম্বর দিন ধার্য করেছে। গত সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকার আশুলিয়ায় কারখানার নিজস্ব জায়গায় এ সভা অনুষ্ঠিত হবে। তাতে ২০১৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ১৮ মাসের আর্থিক প্রতিবেদন ও ঘোষিত লভ্যাংশ অনুমোদনের কথা রয়েছে।
কোম্পানিটি ২০১৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত ১৮ মাসের যে আর্থিক তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, এ সময় এটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ১৪ পয়সা। ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত ১৮ মাসে এ ইপিএস ছিল ২ টাকা ৫ পয়সা। সেই হিসাবে কোম্পানিটির ইপিএস আগের ১৮ মাসের চেয়ে কমেছে।
এর বাইরে কোম্পানির পক্ষ থেকে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসেরও আয়ের হিসাব প্রকাশ করা হয়েছে। এ সময় কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ২৩ পয়সা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭১ পয়সা। ছয় মাসের হিসাবেও কোম্পানিটির ইপিএস আগের বছরের একই সময়ের চেয়ে কমেছে।
বাজার-সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিটি গতকাল আয়সংক্রান্ত যেসব তথ্য প্রকাশ করেছে তা নেতিবাচক। কিন্তু গতকাল তা কোম্পানির শেয়ারের দামে নেতিবাচক প্রভাব ফেলেনি। আয় কমার তথ্য জানার পরও কোম্পানিটির শেয়ারের দাম এক দিনে সর্বোচ্চ বেড়েছে।
এদিকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনে ঊর্ধ্বমুখী ধারা গতকালও অব্যাহত ছিল। তবে প্রধান শেয়ারবাজার ডিএসইতে সূচক সামান্য কমেছে। আর অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি সামান্য বেড়েছে।
দিন শেষে গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯৩ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৮০৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৬০ কোটি টাকা বেশি।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচকটি আড়াই পয়েন্টের মতো বেড়েছে। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় পাঁচ কোটি টাকা বেশি।