ন্যাশনাল ইনস্যুরেন্সের আইপিও স্থগিত
বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল সোমবার অনুষ্ঠিত কমিশন বৈঠকে বিএসইসি এ সিদ্ধান্ত নেয়। ‘অনির্বায কারণ’ দেখিয়ে বিএসইসি তা স্থগিত করলেও এর পেছনে বিএসইসির নিজের দায়ও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে।
আজ মঙ্গলবার থেকে আগামী ৯ জুলাই পর্যন্ত ন্যাশনাল ইনস্যুরেন্সের আইপিও আবেদন চলার কথা। কোম্পানিটিকে জনগণের কাছ থেকে ১৭ কোটি ৭০ লাখ টাকা তোলার অনুমতি দিয়েছিল বিএসইসি। কিন্তু অনুমতি দেওয়ার আগে কোম্পানিটির যাবতীয় তথ্য-উপাত্ত যাচাই করা হয়নি।
ন্যাশনাল ইনস্যুরেন্সের বেশির ভাগ শেয়ারের মালিক মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, তাঁর স্ত্রী, কন্যা, পুত্র ও পুত্রবধূরা।
বিমা খাতের নিয়ন্ত্রক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন ছাড়া ন্যাশনাল ইনস্যুরেন্স অনুমোদিত মূলধন ও পরিশোধিত মূলধন বাড়িয়েছে, মূলধনের উদ্যোক্তা ও জনগণের অংশের অনুপাত হেরফের করেছে এবং সে অনুযায়ী পরিশোধিত মূলধনের টাকাও পরিশোধ করেনি। বিএসইসিকে এ তথ্য জানিয়েছে আইডিআরএ।
কিন্তু আইপিও অনুমোদনের সময় কোম্পানিটি তার মূল নিয়ন্ত্রক সংস্থার (আইডিআরএ) বিধিবিধান মেনে চলেছে কি না, তা যাচাই করেনি বিএসইসি। বিএসইসি উল্টো ২৫ জুন এক চিঠিতে আইডিআরএকে জানায়, তারা দেখে-শুনেই কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে। এ ক্ষেত্রে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি) ও কোম্পানির তথ্য আমলে নিয়েছে বিএসইসি।
এদিকে গতকাল সোমবার ন্যাশনাল ইনস্যুরেন্সের বিষয়ে বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনকে একটি চিঠি পাঠিয়েছেন আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ।
এতে শেফাক আহমেদ বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সরকারের বিভিন্ন সংস্থা নিজস্ব এখতিয়ারে থেকে পরস্পরের মধ্যে সহযোগিতার মাধ্যমে কাজ করবে। তবেই অর্থনৈতিক ক্ষেত্রে শৃঙ্খলা নিশ্চিত করে দেশের উন্নয়ন সম্ভব হবে।’
প্রতি তিন-চার মাস পর নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রধানদের নিয়ে সমন্বয় সভা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। সমন্বয় সভাগুলোর সিদ্ধান্ত না মানার প্রবণতার কারণেই এমনটি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘যে খাতের কোম্পানি পুঁজিবাজারে আসতে চাইবে, বিএসইসির উচিত হবে, সে খাতের মূল নিয়ন্ত্রকের আইনকানুন কোম্পানিটি মেনে চলছে কি না তা দেখা।’ নইলে এ ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটবে বলে তিনি আশঙ্কা করেন।