প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল ফিড মিল নামের একটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন অনুমোদন করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) গতকাল মঙ্গলবার এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাশনাল ফিড আইপিওতে এক কোটি ৮০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১৮ কোটি টাকা সংগ্রহ করবে। সংগৃহীত টাকায় কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধের পাশাপাশি চলতি মূলধন হিসেবে কাজে লাগাবে। ১০ টাকা ফেসভ্যালু বা অভিহিত মূল্যে প্রতিটি শেয়ার বিক্রি করা হবে। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও পিএলএফএস ইনভেস্টমেন্টস। ২০১৩ সালের জুনে সমাপ্ত আর্থিক বছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস এক টাকা ৮৫ পয়সা।