পতন ঠেকাতে আইসিবির শতকোটি টাকা বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব শেয়ারবাজারের নতুন ‘কালো সোমবার বা ব্ল্যাক মানডে’র প্রভাব পড়েনি দেশের শেয়ারবাজারে। যদিও গত সোমবার বিশ্ব পুঁজিবাজারে ব্যাপক দরপতনের কারণে ওই দিন বিকেল থেকেই বিনিয়োগকারীসহ বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়ায়।
লেনদেনের শুরুতে গতকাল মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকে আতঙ্কের কিছুটা রেশ দেখা যায়। এদিন লেনদেনের শুরুতেই ছিল সূচকের নেতিবাচক প্রবণতা। প্রথম ৩০ মিনিটের মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩০ পয়েন্টের মতো কমে যায়। যদিও আগের দিনের চেয়ে মাত্র এক পয়েন্ট সূচক কমার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আর লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।
দিনের শুরুতে সূচক কমতে থাকলে পতন ঠেকাতে সক্রিয় হয়ে ওঠে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। আইসিবির সক্রিয় হয়ে ওঠায় সূচক ধীরে ধীরে বাড়তে থাকে।
আইসিবির শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল প্রতিষ্ঠানটি এককভাবে ১০০ কোটি টাকার প্রকৃত বিনিয়োগ করেছে। অর্থাৎ গতকাল আইসিবি যে পরিমাণ শেয়ার ক্রয়-বিক্রয় করেছে দিন শেষে তাতে শতকোটি টাকার প্রকৃত বিনিয়োগ দাঁড়িয়েছে।
জানতে চাইলে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান প্রথম আলোকে জানান, বিশ্ব পুঁজিবাজারের নেতিবাচক প্রভাব যাতে দেশের শেয়ারবাজারে না পড়ে তার জন্য আইসিবি যথাযথ ভূমিকা পালন করছে। গতকাল বাজারে আইসিবির উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ ছিল। ভবিষ্যতেও সেটি অব্যাহত থাকবে।
মোহাম্মদ ফায়েকুজ্জামান বলেন, ‘বিশ্ব পুঁজিবাজারের সঙ্গে বাংলাদেশের পুঁজিবাজারের সরাসরি উল্লেখযোগ্য কোনো সম্পৃক্ততা নেই। আমাদের শেয়ারবাজারে কিছু বিদেশি বিনিয়োগ রয়েছে, তবে বাজারের আকারের তুলনায় তার পরিমাণ খুবই নগণ্য। তা সত্ত্বেও বিশ্ব পুঁজিবাজারের পতন বিনিয়োগকারীসহ অনেকের মধ্যে একধরনের আতঙ্ক তৈরি করেছে।’
সোমবার যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, ভারতসহ বিশ্বের বড় বড় শেয়ারবাজারে ব্যাপক দরপতন ঘটে। বিশ্ব পুঁজিবাজার বিশ্লেষকদের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা গতকালের এ পতনকে আরেক ‘কালো সোমবার’ হিসেবে উল্লেখ করেছে। ১৯৮৭ সালের ১৯ অক্টোবর বিশ্ব পুঁজিবাজারে বড় ধরনের ধস নামে। ওই দিনটি ছিল সোমবার। তাই বিশ্ব পুঁজিবাজারের ইতিহাসে দিনটি ‘ব্ল্যাক মানডে’ হিসেবে চিহ্নিত।
এদিকে ঢাকার বাজারে গতকাল ৩১৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৬টির দাম কমেছে, বেড়েছে ১২৩টির আর অপরিবর্তিত ছিল ৫৮টির দাম। দিনশেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৫৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৫৮ কোটি টাকা বেশি। আগের দিন সোমবার লেনদেন ৪০০ কোটি টাকার নিচে নেমে গিয়েছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে। দিনশেষে সিএসইতে প্রায় ৩২ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা বেশি। তবে ঢাকার মতো সিএসইর সার্বিক সূচকটিও সামান্য কমেছে।