পতন ঠেকাতে টেনে তোলা হলো সূচক

আরও বড় দরপতন ঠেকাতে টেনে তোলা হলো শেয়ারবাজারের সূচক। গত বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার পয়েন্টের নিচে নেমে যায়। তাতে বিনিয়োগকারীরা নতুন করে আবারও আতঙ্কিত হয়ে পড়েন। এ অবস্থায় পতন ঠেকাতে গতকাল বৃহস্পতিবার বাজারে বেশ সক্রিয় হয়ে ওঠে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বিভিন্ন মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসে ফোন করে শেয়ার কেনার অনুরোধ করা হয়। তাতে গতকাল দিন শেষে সূচক বেড়েছে উভয় স্টক এক্সচেঞ্জে।
ডিএসইর প্রধান সূচকটি গতকাল দিন শেষে প্রায় ২৭ পয়েন্ট বেড়ে আবারও ৫ হাজার পয়েন্টের ওপরে উঠে এসেছে। সূচকের ৫ হাজার পয়েন্টের অবস্থানটি বিনিয়োগকারীদের কাছে মনস্তাত্ত্বিক সীমা হিসেবে বিবেচিত হয়। তাই সূচকটি ওই সীমার কাছাকাছি চলে এলে আরও পতনের ভয়ে বিনিয়োগকারীরা লোকসান দিয়ে হলেও হাতে থাকা শেয়ার বিক্রি করতে শুরু করেন। তাতে দ্রুত কমতে শুরু করে সূচক। এ কারণে গতকাল বাদে টানা ছয় দিন দরপতন ঘটে শেয়ারবাজারে। গতকাল এই পতন ঠেকাতে সূচক টেনে তোলা হয়। এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি বেড়েছে ৫০ পয়েন্ট। দুই বাজারে সূচক বাড়লেও লেনদেনে ছিল ভিন্ন ভিন্ন অবস্থান।
ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪২৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৫৩ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে এদিন লেনদেন হয় ১৫ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ১ কোটি টাকা কম।