পতন দিয়ে সপ্তাহের লেনদেন শুরু
আবারও পতন দিয়ে সপ্তাহের লেনদেন শুরু দেশের শেয়ারবাজারের। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার দেশের দুই শেয়ারবাজারে সূচক বেশ কমে গেছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ কমে গেছে। পাশাপাশি লেনদেন কমে নেমে এসেছে ৩০০ কোটিতে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি ৮১ পয়েন্ট কমেছে, তবে লেনদেন বেড়েছে।
ঢাকার বাজারের লেনদেন গতকাল দিন শেষে ফিরে গেছে গত ডিসেম্বরের অবস্থানে। সর্বশেষ গত বছরের ১৩ ডিসেম্বর ডিএসইতে ২৭৪ কোটি টাকার লেনদেন হয়েছিল। আর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ফিরে গেছে নভেম্বরের অবস্থানে। সর্বশেষ গত ১৫ নভেম্বর ডিএসইএক্স সর্বনিম্ন ৪ হাজার ৪২৪ পয়েন্টের অবস্থানে ছিল।
কেন লেনদেনের এ খারাপ অবস্থা জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, বাজারে যখন মন্দা অবস্থা বিরাজ করে, তখন বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণও কমে যায়। পড়তি বাজারে বিনিয়োগকারীরা শেয়ার কেনার সাহস দেখান না। পড়তি বাজারে দুইভাবে লেনদেন ক্ষতিগ্রস্ত হয়। প্রথমত
নতুন করে বিনিয়োগ আসে না। দ্বিতীয়ত শেয়ারের দাম কমে যাওয়ায় সক্রিয় বিনিয়োগকারীদের অনেকে নিষ্ক্রিয় হয়ে পড়েন। এর ফলে অবধারিতভাবে লেনদেন কমে যায়।
তবে লেনদেন কমে যাওয়ার কারণ হিসেবে ভিন্ন যুক্তি তুলে ধরেন ডিএসইর পরিচালক শাকিল রিজভী। এ বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, সম্প্রতি বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ড অবলুপ্ত হয়েছে। এ কারণে ফান্ডের পত্রকোষে থাকা শেয়ার বিক্রি করে বাজার থেকে টাকা তুলে নেওয়া হয়। এ ছাড়া বুক বিল্ডিং পদ্ধতিতে বাজারে আসার অপেক্ষায় থাকা এক্মি ল্যাবরেটরিজ ও কয়েকটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ারে বিপুল টাকা আটকে গেছে। এসব টাকা বাজারের ছোট-বড় প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীর। এ অবস্থায় বাজারে কিছুটা নগদ তারল্যের সংকট দেখা দিয়েছে।
লেনদেনের খরা কাটানোর উপায় হিসেবে শাকিল রিজভী বলেন, বেশ কয়েক দিনের টানা দরপতনে তালিকাভুক্ত অনেক কোম্পানির শেয়ারের দাম কমে গেছে। কম দামের শেয়ার কিনতে যদি নতুন করে কোনো বিনিয়োগকারী এগিয়ে আসেন, তাহলে হয়তো লেনদেন পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। অন্যথায় লেনদেন পরিস্থিতির উন্নতির জন্য বিভিন্ন আইপিওতে আটকে থাকা টাকা ফেরত আসা পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।
সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে এইমস ফার্স্ট গ্যারান্টেড ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ড দুটি গুটিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এরই মধ্যে স্টক এক্সচেঞ্জ থেকে ফান্ড দুটি তালিকাচ্যুতও করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি এক আদেশে বিএসইসি এ ফান্ড দুটিকে ১৪ দিনের মধ্যে কার্যক্রম গুটিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারেরই দাম কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৯০ বা ৬০ শতাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডেরই দাম কমেছে। দাম বেড়েছে কেবল ২৭ শতাংশ বা ৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের গতকালের বাজার প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সব খাতের কোম্পানিরই দরপতন ঘটেছে। তবে লেনদেনে এগিয়ে ছিল প্রকৌশল খাতের কোম্পানিগুলো। ঢাকার বাজারের মোট লেনদেনের প্রায় ২৫ শতাংশই ছিল এ খাতের।
ঢাকার বাজারের প্রধান সূচকটি গতকাল দিন শেষে কমে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৪৩৫ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩০০ কোটি, যা আগের দিনের চেয়ে ৩৭ কোটি টাকা কম।
অপরদিকে সিএসইর সার্বিক সূচকটি গতকাল কমে নেমে এসেছে ১৩ হাজার ৬৯৩ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩৩ কোটি টাকা, যা আগের কার্যদিবসের লেনদেনের চেয়ে ১০ কোটি টাকা বেশি।