পরিচালনগত লোকসানে চলছে স্টক এক্সচেঞ্জ
শেয়ারবাজারের টানা ও বড় ধরনের দরপতন আবারও বিনিয়োগকারীদের মধ্যে হাহাকার তৈরি করেছে। সেই সঙ্গে ব্রোকারেজ হাউস মালিকদের ফেলেছে দুশ্চিন্তায়। গত কয়েক দিনের দরপতন ও লেনদেন কমে যাওয়ায় বাজারে এ অবস্থা তৈরি হয়েছে।
দেশের দুই স্টক এক্সচেঞ্জ ও একাধিক ব্রোকারেজ হাউসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তবে তাঁদের কেউই এ বিষয়ে নাম উল্লেখ করে কোনো মন্তব্য করতে রাজি হননি।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত নয় কার্যদিবসেই শুধু সূচক কমেছে প্রায় ২৬২ পয়েন্ট। গত ১৩ জানুয়ারি ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৪ হাজার ৯৭০ পয়েন্টে। আর গতকাল সোমবার তা কমে নেমে এসেছে ৪ হাজার ৭০৮ পয়েন্টে। একই সঙ্গে লেনদেনেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। উল্লিখিত নয় কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেনের পরিমাণ প্রায় ৫০ শতাংশ বা অর্ধেক কমে গেছে।
একই সময়ে অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ৮৩৯ পয়েন্ট। ১৩ জানুয়ারি সিএসইর সার্বিক মূল্যসূচক ছিল ১৫ হাজার ২৬৩ পয়েন্টে। আর গতকাল সোমবার তা নেমে এসেছে ১৪ হাজার ৪২৪ পয়েন্টে।
ডিএসইর এক হিসাব অনুযায়ী, লেনদেনের আয় থেকে স্টক এক্সচেঞ্জটিকে না লাভ, না লোকসানের পর্যায়ে রাখতে হলে প্রতিদিন বাজারে গড়ে ৪০০ থেকে ৪৫০ কোটি টাকার লেনদেন হতে হয়। অন্যথায় এটির পরিচালনগত লোকসান হয়।
সেখানে চলতি বছরের ১৭ কার্যদিবস (গতকাল সোমবারসহ) শেষে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৮৯ কোটি টাকা। এ ১৭ দিনে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪ হাজার ৯১১ কোটি টাকা।
ডিএসইর আয়ের যতগুলো খাত রয়েছে, তার মধ্যে বড় একটি হলো লেনদেন বাবদ কমিশন আয়। অন্যান্য আয়ের মধ্যে বড় আরেকটি উৎস হলো স্টক এক্সচেঞ্জটির মেয়াদি আমানত।
জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, ‘লেনদেনের যে অবস্থা তাতে বেশ বড় অঙ্কের পরিচালনগত লোকসান দিয়ে চলছে ডিএসই। তবে অন্যান্য খাতের নির্দিষ্ট কিছু আয় আছে বলে স্টক এক্সচেঞ্জটি মুনাফা টিকিয়ে রেখেছে।’
নিজের প্রতিষ্ঠান শাকিল রিজভী স্টক লিমিটেডের উদাহরণ তুলে ধরে তিনি জানান, ‘পরিচালন মুনাফা করতে হলে আমার প্রতিষ্ঠানকে প্রতিদিন গড়ে আট কোটি টাকার লেনদেন করতে হয়। সেখানে বর্তমানে কোনোভাবেই চার কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে না।’ তিনি জানান, প্রধান কার্যালয়সহ তাঁর প্রতিষ্ঠানের যেসব শাখা রয়েছে সেগুলোর ভাড়া ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ প্রতি মাসের খরচ প্রায় ৩৫ লাখ টাকা। চলতি মাসে লেনদেন থেকে যে আয় দাঁড়াবে, তাতে লাভ তো দূরে থাক খরচই উঠবে না। উল্টো ৩৫ থেকে ৪০ শতাংশ খরচ অন্য খাত থেকে জোগান দিতে হবে।
সিএসইর হিসাবে, স্টক এক্সচেঞ্জটিকে লেনদেন বাবদ আয় থেকে পরিচালন মুনাফা করতে হলে দৈনিক গড়ে ৮০ কোটি টাকার বেশি লেনদেন হতে হয়। চলতি বছরের ১৭ কার্যদিবসে সিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৩৪ কোটি টাকা। যার ভিত্তিতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে ২৫ কোটি টাকা। অর্থাৎ প্রয়োজনের প্রায় এক-চতুর্থাংশ লেনদেন হচ্ছে সিএসইতে। স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, সিএসইতে লেনদেনের শীর্ষে থাকা একটি ব্রোকারেজ হাউসকে লাভজনকভাবে পরিচালনা করতে হলে দৈনিক গড়ে ১৫ কোটি টাকার বেশি লেনদেন করতে হয়। সেখানে শীর্ষ একাধিক ব্রোকারেজ হাউসে গত কয়েক দিনে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল তিন থেকে পাঁচ কোটি টাকা।
বাজারের এ দুরবস্থায় একদিকে যেমন বিনিয়োগকারীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনিভাবে ব্যবসা পরিচালনায় চরম সংকটে পড়েছে ব্রোকারেজ হাউসগুলো। প্রতিষ্ঠানের মাসিক খরচ নির্বাহ করতেই এসব ব্রোকারেজ হাউসকে হিমশিম খেতে হচ্ছে।