পাঁচ কার্যদিবস পর সূচক কমল শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা পাঁচ কার্যদিবস পর গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে সূচক কমেছে। সে সঙ্গে কমেছে লেনদেনও। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা এটিকে স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে অভিহিত করেছেন। তাঁদের মতে, টানা পাঁচ দিন মূল্যবৃদ্ধির পর বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা তৈরি হবে এটাই স্বাভাবিক। এ কারণে বিক্রির চাপ বাড়ায় কমেছে সূচক।
সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৪ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি এদিন ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯১০ পয়েন্টে।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের গতকালের বাজারবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এদিন বাজারে সব খাতেই ছিল বিক্রির চাপ। এ কারণে সূচক কমে গেছে। বিক্রির চাপ বেশি থাকায় গত কয়েক দিনে যেসব কোম্পানির শেয়ারের দাম বেড়েছিল, সেগুলোর বেশির ভাগেরই মূল্য সংশোধন হয়েছে।
ঢাকার বাজারে গতকাল ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪৪টির দাম বেড়েছে, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত ছিল ৪৩টির দাম। ঢাকার বাজারে দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৬৮৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২১৩ কোটি টাকা কম। লেনদেন কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যেহেতু এদিন বাজারে বিক্রির চাপ ছিল, তাই অনেক ক্রেতা হাত গুটিয়ে বসে ছিলেন এদিন।
ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষ পাঁচ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে ইউনাইটেড পাওয়ার, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড এয়ার ও বেঙ্গল উইন্ডসর। এ পাঁচ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১২০ কোটি টাকা।
চট্টগ্রামের বাজারে বৃহস্পতিবার ২৬৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১১৭টির দাম কমেছে,
বেড়েছে ১০৯টির আর অপরিবর্তিত ছিল ৩৯টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৩ কোটি টাকা কম।