পাঁচ কার্যদিবস পর সূচক বেড়েছে দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা পাঁচ কার্যদিবস পর সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ডিএসইতে সূচক বাড়লেও আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে। অপর দিকে সিএইতে বেড়েছে দৈনন্দিন লেনদেন। 


এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে দুই পুঁজিবাজারেই।

আজ লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৪ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৯৬ পয়েন্টে। গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১২ দশমিক ৯১ পয়েন্ট কমে হয় ৪৫৯২ পয়েন্ট। আজ মোট লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ৯৬ লাখ টাকা, যা গতকালের চেয়ে ১৩ কোটি টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩৮৯ কোটি টাকা।

ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো কাশেম ড্রাইসেল, ডরিন পাওয়ার, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, ফরচুন, কনফিডেন্স সিমেন্ট, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, অ্যারগন ডেনিম লিমিটেড, মিথুন নিটিং ও কেডিএস এক্সেসরিজ লিমিটেড। ডিএসইতে আজ ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫১টির। অপরিবর্তিত ৫২টির দাম।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ সার্বিক সূচক বেড়েছে ৩ দশমিক ৬৭ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ২৬ কোটি ৫৪ লাখ টাকা, যা গতকালের চেয়ে প্রায় ১ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ২৫ কোটি ৪৬ লাখ টাকা। আজ হাতবদল হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১০৯টির, অপরিবর্তিত ৩৩টির।