পাঁচ সপ্তাহ পর খুলতেই ধস গ্রিসের শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ সপ্তাহ পরে লেনদেন শুরুর দিনেই গতকাল মঙ্গলবার গ্রিসের শেয়ারবাজার বড় ধরনের ধাক্কা খেয়েছে। দেশটির প্রধান শেয়ারবাজার এথেন্স স্টক এক্সচেঞ্জের সূচক অ্যাথেক্স এদিন সকালের দিকে একপর্যায়ে ২২ দশমিক ৮৭ শতাংশ বা ১৮২ পয়েন্ট পড়ে যায়। পরে পতন কিছুটা কাটিয়ে উঠলেও দিন শেষে সূচকের পতন হয় ১৮ শতাংশ।
শেয়ারবাজারে সবচেয়ে বেশি দরপতন ঘটেছে দেশটির প্রধান চার ঋণদাতা প্রতিষ্ঠান পিরেউস ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আলফা ব্যাংক ও ইউরো ব্যাংকের। চার প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম ৩০ শতাংশ করে কমেছে। এটিই দেশটির শেয়ারবাজারে এক দিনে দরপতনের সর্বোচ্চ সীমা।
গত ২৬ জুন থেকে দেশটির শেয়ারবাজারের লেনদেন বন্ধ ছিল। ঋণ-সংকট পরিস্থিতিতে দেশটির শেয়ারবাজারের পাশাপাশি ব্যাংকও সপ্তাহ তিনেক বন্ধ রাখা হয়।
গ্রিস সরকার ও ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) আরোপিত শর্ত অনুযায়ী অবশ্য দেশটির বিনিয়োগকারীরা এখন তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাবের অর্থ দিয়ে শেয়ার কিনতে পারছেন না। তাঁরা কেবল নিজেদের হাতে থাকা নগদ অর্থ দিয়েই শেয়ার কিনতে পারেন।
এদিকে টানা তিন সপ্তাহ ব্যাংক বন্ধ থাকার প্রভাবে সরবরাহ-ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় সদ্যসমাপ্ত জুলাই মাসে গ্রিসের উৎপাদন খাতেও ধস নেমেছে। গত সোমবার প্রকাশিত মার্কিট পারচেজিং ম্যানেজারস’ ইনডেক্স বা পিএমআই সূচক কমে ৩০ দশমিক ২ পয়েন্টে নেমেছে। ১৯৯৯ সালে চালুর পর থেকে এটি এই সূচকের সর্বনিম্ন অবস্থান। সূচকটি ৫০ পয়েন্ট বা এর চেয়ে বেশি হলে সেটাকে প্রবৃদ্ধি হিসেবে ধরা হয়।
বিশ্বের প্রধান শেয়ারবাজারগুলোর সঙ্গে তুলনা করলে গ্রিসের পতনটাই সবচেয়ে বড়। এর আগে ১৯৮৭ সালের ১৯ অক্টোবর সবচেয়ে বড় পতনটি (২২.৬১ শতাংশ) হয়েছিল যুক্তরাষ্ট্রের ডাউ জোন্স সূচকের। ওই দিনটি পরে ‘ব্ল্যাক মানডে’ নামে পরিচিতি পায়।
২৮ বছর আগের ওই দিনে লন্ডনের এফটিএসই ১০০ সূচকও কমেছিল ১০ দশমিক ৮৪ শতাংশ। পরদিনও এফটিএসই সূচক আরও ১২ দশমিক ২২ শতাংশ পড়ে গিয়েছিল।
এদিকে ইউরোপীয় কমিশন (ইসি) আশঙ্কা করছে যে গ্রিস চলতি বছরেই আবার মন্দার কবলে পড়বে এবং দেশটির অর্থনীতি ২ থেকে ৪ শতাংশ হারে সংকুচিত হতে পারে।
রাষ্ট্রীয় সংস্থা এএনএ জানিয়েছে, শেয়ারবাজারে দরপতনে এক হাজার কোটি ইউরো খোয়া গেছে।
এথেন্স স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান সক্রেটিস ল্যাজারিদিস ব্লুমবার্গ টিভিকে বলেছেন, ‘বাজারে শেয়ার বিক্রির প্রচণ্ড চাপ ছিল। এটাই হয়তো যৌক্তিক। সবাই যেন শেয়ার বিক্রি করতে চায়। তবে মাস খানেকের মধ্যে বাজার স্থিতিশীলতার ধারায় ফিরবে বলে তিনি আশা করেন।
ম্যানোস হ্যাতজিদাকিস নামে একজন বিশ্লেষক বলেন, ‘আজ এর চেয়ে ব্যতিক্রম কিছু হবে তেমনটা আমরা আশা করিনি।’
সূত্র: বিবিসি ও এএফপি