পুঁজি সংগ্রহের অনুমোদন পেল কৃষিবিদ সিড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার থেকে ১১ কোটি ৬০ লাখ টাকা পুঁজি বা মূলধন সংগ্রহ করবে স্বল্প মূলধনি কোম্পানি কৃষিবিদ সিড লিমিটেড। মূলধন সংগ্রহের পর কোম্পানিটি এসএমই বোর্ডে তালিকাভুক্ত হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল সোমবার কোম্পানিটিকে পুঁজি সংগ্রহের অনুমোদন দিয়েছে। বিএসইসির সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসির গতকালের সভায় বেমেয়াদি এসএএমএল গ্রোথ ফান্ড বা তহবিলেরও অনুমোদন দেওয়া হয়েছে। তহবিলটির প্রাথমিক আকার নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা। এর মধ্যে আড়াই কোটি টাকা দিয়েছে তহবিলটির উদ্যোক্তা প্রতিষ্ঠান শাহজালাল অ্যাসেট ম্যানেজমেন্ট। বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে।

বিএসইসি জানিয়েছে, কৃষিবিদ সিড যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১ কোটি ১৬ লাখ শেয়ার বিক্রি করে ১১ কোটি ৬০ লাখ টাকা পুঁজি সংগ্রহ করবে। প্রতিটি শেয়ার যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ টাকা অভিহিত মূল্যে বিক্রি করা হবে। শেয়ারবাজার থেকে সংগ্রহ করা টাকায় কোম্পানিটি হিমাগার তৈরি, বীজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপন করবে। সর্বশেষ গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ৬০ পয়সা। এসএমই বোর্ডে লেনদেন শুরুর পর থেকে তিন বছর বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না কোম্পানিটি।

এদিকে, শেয়ারবাজারে গতকাল বড় দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ কমে গেছে। এতে সূচক কমে আবারও ৬, ৯০০ পয়েন্টের কাছাকাছি চলে এসেছে।