পুঁজিবাজার জুয়া ও গুজবনির্ভর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে-বিদেশে বাংলাদেশের পুঁজিবাজারের ভাবমূর্তি খুবই খারাপ। বর্তমান বাজার মোটেই দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য উপযুক্ত নয়। স্বল্প মেয়াদে জুয়া ও গুজবনির্ভর মুনাফার জন্য হয়তো এখানকার বাজার ঠিক আছে।
গতকাল রোববার রাজধানীর র্যা ডিসন হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী ‘বিনিয়োগ ও নীতি সম্মেলনে’ বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সামনে এমন বক্তব্যই তুলে ধরেছেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ। প্রথম কর্ম অধিবেশনে ‘বিনিয়োগ পরিস্থিতি’ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ।
সম্মেলনের প্রথম দিনের প্রথম কর্ম অধিবেশনে অংশগ্রহণকারী অনেকেরই প্রশ্ন ছিল পুঁজিবাজার নিয়ে। এক প্রশ্নের জবাবে দেশের শেয়ারবাজার নিয়ে এমন মন্তব্য করেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান। এ সময় তিনি অনেকটা আক্ষেপের সুরে বলেন, ‘পুঁজিবাজারই হওয়ার কথা ছিল দীর্ঘমেয়াদি মূলধন জোগান দেওয়ার বড় ক্ষেত্র। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, আমাদের শেয়ারবাজার তেমন নয়। এটির ভাবমূর্তি খুবই দুর্বল। এ কারণে উদ্যোক্তারা ব্যাংক থেকে চড়া সুদে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহ করেন।’
একই কর্ম অধিবেশনে নির্ধারিত আলোচক বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কামরান বকরের কাছে প্রশ্ন ছিল, কেন বহুজাতিক এ কোম্পানিটি শেয়ারবাজারে আসছে না। জবাবে কামরান বকর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের কোম্পানির শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। এর কারণ হিসেবে তিনি বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে অনেক জটিলতা রয়েছে। কিন্তু তার বিপরীতে সুযোগ-সুবিধা কম।
শেয়ারবাজারে তালিকাভুক্তির বিষয়ে অনিচ্ছা থাকলেও বাংলাদেশে নিজেদের ব্যবসা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কামরান বকর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘১৫ বছর ধরে ধারাবাহিকভাবে ১৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে ইউনিলিভারের। এ দেশের বাজারে আমাদের প্রায় প্রতিটি পণ্যই শীর্ষ অবস্থানে রয়েছে।’
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এ সময় বলেন, ‘আমাদের পুঁজিবাজারের ভাবমূর্তির যে অবস্থা, তাতে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্পের অর্থ সংগ্রহের জন্য এ বাজারে যাওয়া সম্ভব নয়।’