পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ সামান্য বেড়েছে
চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কিছুটা বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্যের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায় যে চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে দেশে প্রকৃত পোর্টফোলিও বিনিয়োগ দাঁড়িয়েছে ১৬ কোটি ৪০ লাখ ডলার।
এটি আগের অর্থাৎ ২০১৩-১৪ অর্থবছরের একই সময়ের চেয়ে ৫ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রকৃত পোর্টফোলিও বিনিয়োগ ছিল ১৫ কোটি ৬০ লাখ ডলার।
পোর্টফোলিও বিনিয়োগ বলতে সাধারণভাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে বিদেশি বিনিয়োগকে বোঝানো হয়।
এই বিনিয়োগ যেহেতু তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে করা হয় আর এসব শেয়ারবাজারে লেনদেন হয়, সেহেতু যেকোনো সময়ই আংশিক বা পুরো বিনিয়োগ প্রত্যাহার করে নেওয়া যায়। আর সে জন্য একটি নির্দিষ্ট সময়ে পোর্টফোলিওতে মোট যা বিনিয়োগ করা হয় এবং একই সময়ে আগের বিনিয়োগ যা তুলে নেওয়া হয়, এর মধ্যে যে পার্থক্য তাই নিট বা প্রকৃত পোর্টফোলিও বিনিয়োগ বিবেচিত হয়।