পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার কার্যদিবস পর সূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট কমে নেমে এসেছে ৪৬৯৫ পয়েন্টে। সিএসইতে আজ সার্বিক সূচক কমেছে ৭০ দশমিক ৬৩ পয়েন্ট। তবে দুই বাজারেই লেনদেন বেড়েছে।

গত ঈদুল আজহার পর থেকেই ইতিবাচক ধারায় আছে পুঁজিবাজার। এ সময়ে ডিএসইতে সূচক বেড়েছে প্রায় ১০০ পয়েন্টে মতো।

ডিএসইর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালি বলেন, আজ সূচক কমার একমাত্র কারণ হচ্ছে ‘প্রফিট টেকিং’ প্রবণতা। কয়েক দিন ধরে বাজার একটা পর্যায়ে এসেছে। আর তাই আজ কিছুটা মুনাফা তুলে নিয়েছেন বিনিয়োগকারীরা। এ অবস্থা খুবই ইতিবাচক। তিনি আরও বলেন, ‘প্রফিট টেকিং’ এরপরও আজ মাত্র ২৫ পয়েন্ট কমেছে, অর্থাৎ বাজারে একটা ‘স্ট্রেংথ’ আছে।

ডিএসইতে আজ মোট লেনদেন ছাড়িয়েছে ৫৫৯ কোটি ২৯ লাখ টাকা, যা গত কার্যদিবসের তুলনায় প্রায় ৭১ কোটি টাকা বেশি। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪৮৮ কোটি ৯১ লাখ টাকা।

আজ সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো বাংলাদেশ স্টিল রি–রোলিং মিল অ্যাসোসিয়েশন, সিঙ্গার বিডি, বিএসআরএম স্টিল, মোবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, অ্যাগ্র ডেনিম লিমিটেড, একমি ল্যাবরেটরিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।

ডিএসইতে আজ ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০২টির। অপরিবর্তিত আছে ৩৯টির দাম।
অপর দিকে সিএসইতে আজ সার্বিক সূচক কমেছে ৭০ দশমিক ৬৩ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ৪৪ কোটি ২৫ লাখ টাকা; যা গত কার্যদিবসের তুলনায় ১৪ কোটি টাকা বেশি। গতকাল মোট লেনদেনের পরিমাণ ছিল ৩০ কোটি ৭০ লাখ টাকা । আজ হাতবদল হওয়া ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৫২টির, অপরিবর্তিত আছে ১৯টির।