পুঁজিবাজারের উন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে এডিবি

বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে সহায়তা ও পরামর্শ অব্যাহত রাখবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। আজ বুধবার এডিবির পরামর্শক প্রতিষ্ঠান দ্য এরিস গ্রুপ লিমিটেডের একটি প্রতিনিধিদল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা জানায়। সিএসইর ঢাকার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সিএসইর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিপক্ষীয় এ বৈঠকে দ্য এরিস গ্রুপের প্রতিনিধিরা সিএসইর ডিমিউচুয়ালাইজেশন (ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ) পরবর্তী পরিচালনা কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। তাঁরা শেয়ারবাজার উন্নয়ন কর্মসূচি (সিএমডিপি)-২-এর বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। আগামী বছরের এপ্রিলে সিএমডিপি-৩ কর্মসূচি শুরু হতে যাচ্ছে বলে তাঁরা জানান। বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে এডিবির পক্ষ থেকে সহায়তা ও পরামর্শ অব্যাহত থাকবে বলে জানানো হয় বৈঠকে।
সিএসইর চেয়ারম্যান আবদুল মজিদ বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে বিশেষ করে সিডিবিএল প্রতিষ্ঠা এবং পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠায় এডিবির ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকে সিএসইর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, এরিস গ্রুপের পরিচালক অ্যানথোনি বি শোরাকা, জ্যেষ্ঠ পরামর্শক লুইস জে মেন্ডেলসন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক ও প্রধান রেগুলেটরি কর্মকর্তা আহমেদ দাউদ উপস্থিত ছিলেন।