বাছাই করা ৩০টি কোম্পানির সমন্বয়ে গঠিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএসই-৩০ পুনর্গঠন করা হয়েছে। এর ফলে ওই সূচকে নতুন করে সাতটি কোম্পানি যুক্ত হয়েছে। এতে বাদ পড়েছে সাতটি কোম্পানি। পুনর্গঠিত সূচকটি গতকাল সোমবার থেকে কার্যকর হয়েছে বলে সিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে। সিএসই-৩০ সূচকে নতুন যে সাতটি কোম্পানি যুক্ত হয়েছে: ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই), ওরিয়ন ফার্মা, বাটা শু, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, লিনডে বাংলাদেশ ও লঙ্কাবাংলা ফাইন্যান্স। আর বাদ পড়া সাত কোম্পানি হলো: বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স, ঢাকা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেব্লস, আরামিট, বেক্সিমকো ও জি কিউ বলপেন। সিএসই আরও জানিয়েছে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর অবস্থা বা কর্মকাণ্ড বিবেচনায় বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত এই সূচক বছরে দুবার পুনর্গঠন করা হয়। একবার পুনর্গঠনের পরবর্তী ছয় মাসের মাথায় দ্বিতীয় দফায় তা সমন্বয় করা হয়। সিএসইর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরে প্রথমবার সূচকটি পুনর্গঠন করা হয় গত এপ্রিলে। এ মাসে হলো দ্বিতীয়বার। সে অনুযায়ী পরবর্তী পুনর্গঠন হবে আগামী বছরের মার্চে।