প্রণোদনার পরও বড় দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ সোমবার বড় দরপতন হয়েছে। আজকের লেনদেন শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক গতকালের চেয়ে ১ দশমিক ৬৩ শতাংশ কমে গেছে। অপর স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ১ দশমিক ৮১ শতাংশ।

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের পুঁজিবাজারের জন্য প্রণোদনার ব্যবস্থা রাখা হলেও আজকের দরপতন নেতিবাচক হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা। একাধিক বিনিয়োগকারী অভিযোগ করেন, বাজেটে পুঁজিবাজার নিয়ে যে প্রস্তাব এসেছে, তা বাজারের জন্য ইতিবাচক। তবে আজকের দরপতন কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তাঁরা। তাঁদের মতে, কোনো পক্ষ কারসাজির মাধ্যমে এ দরপতন ঘটাতে পারে।

প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের জন্য করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। একই সঙ্গে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট করও কমানো হয়েছে। রয়েছে আরও বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৪২ পয়েন্টে। ডিএসইএক্সের পাশাপাশি ডিএসইএস ১৮ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ২৭ পয়েন্ট কমেছে। গতকাল ডিএসইএক্স সূচক বেড়েছিল ২৬ পয়েন্ট।
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। আজ সিএসইর সার্বিক মূল্যসূচক ২৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৫ টির দাম বেড়েছে। কমেছে ২৩২ টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ ডিএসইতে ৫৮৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬২ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৬৪৮ কোটি টাকার লেনদেন হয়।
অন্যদিকে সিএসইতে ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৩২ টির দাম বেড়েছে। কমেছে ১৮৯ টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৮৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা বেশি। গতকাল এই স্টক এক্সচেঞ্জে ৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে কেপিসিএল। আজ প্রতিষ্ঠানটির ৫৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, সামিট পাওয়ার, ইউনাইটেড এয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, এএফসি অ্যাগ্রো, বিএসসিসিএল, বারাকা পাওয়ার প্রভৃতি।