প্রণোদনার পরেও বড় দরপতন পুঁজিবাজারে
দেশের পুঁজিবাজারে গতকাল সোমবার বড় দরপতন হয়েছে। গতকালের লেনদেন শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১ দশমিক ৬৩ শতাংশ কমে গেছে। অপর স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ১ দশমিক ৮১ শতাংশ।
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের পুঁজিবাজারের জন্য প্রণোদনার ব্যবস্থা রাখা হলেও গতকালের দরপতন নেতিবাচক হিসেবে দেখছেন বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ আয় সীমা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর আড়াই শতাংশ কমানো হয়েছে। এ ছাড়া শেয়ারবাজার নিয়ে সরকারের ইতিবাচক মনোভাবের কথা অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তব্যে বলেছেন। সব মিলিয়ে এসব পদক্ষেপ ইতিবাচক হিসেবে দেখছেন তাঁরা। তবে আজকের দরপতনকে মোটেও ইতিবাচক দেখছেন না তাঁরা।
আজাদ আহসান নামের এক বিনিয়োগকারী বলেন, বাজেট নিয়ে বাজারে এক প্রকার প্রত্যাশা সৃষ্টি হয়েছিল বিনিয়োগকারীদের। এরই পরিপ্রেক্ষিতে বাজেটের আগে টানা ইতিবাচক ধারা ছিল বাজারে। তবে বাজেটের পর গতকাল এক প্রকার ধাক্কা খেল বাজার। বাজার নিয়ে কারসাজি চলছে বলেও মন্তব্য এই বিনিয়োগকারীর।
তবে এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও সাবেক সভাপতি শাকিল রিজভীর মতে, বাজেট নিয়ে প্রত্যাশা সৃষ্টি হওয়ায় বাজারে তার প্রভাব দেখা যায়। এ প্রত্যাশার কারণে সূচক চার হাজার পয়েন্ট থেকে ৪ হাজার ৬০০ পয়েন্ট ছাড়িয়ে যায়। এ অবস্থায় সূচক ৪ হাজার পয়েন্টে থাকা অবস্থায় যাঁরা শেয়ার কিনেছিলেন, বিশেষ করে যাঁরা দিনের লেনদেনকারী বা ডে ট্রেডার তাঁরা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এটাকে ‘পুঞ্জিভূত বিক্রি’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। তবে এখন যাঁরা রেখে দেওয়ার উদ্দেশে শেয়ার কিনছেন, শেয়ারগুলো তাঁদের কাছে চলে যাচ্ছে। দীর্ঘ মেয়াদের জন্য এটা ভালো ফল বয়ে আনবে বলেও মনে করেন তিনি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৪২ পয়েন্টে। ডিএসইএক্সের পাশাপাশি ডিএসইএস ১৮ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ২৭ পয়েন্ট কমেছে।
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। গতকাল সিএসইর সার্বিক মূল্যসূচক ২৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৮ পয়েন্টে। আগের দিন রোববার ডিএসইএক্স সূচক বেড়েছিল ২৬ পয়েন্ট। আর সিএইর সার্বিক মূল্যসূচক বেড়েছিল প্রায় ৭০ পয়েন্ট।
ডিএসইতে গতকাল ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৫টির দাম বেড়েছে। কমেছে ২৩২টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ ডিএসইতে ৫৮৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬২ কোটি টাকা কম। আগের দিন এ বাজারে ৬৪৮ কোটি টাকার লেনদেন হয়।
অন্যদিকে, সিএসইতে ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৩২টির দাম বেড়েছে। কমেছে ১৮৯টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে গতকাল ৮৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে সাত কোটি টাকা বেশি। রোববার এই স্টক এক্সচেঞ্জে ৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে কেপিসিএল। গতকাল প্রতিষ্ঠানটির ৫৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, সামিট পাওয়ার, ইউনাইটেড এয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, এএফসি অ্যাগ্রো, বিএসসিসিএল, বারাকা পাওয়ার প্রভৃতি।