শেয়ারবাজারে লেনদেন শুরুর প্রথম দিনেই অস্বাভাবিক দাম বেড়েছে আমান ফিডের। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৬ টাকা। অথচ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার দিন শেষে প্রতিটি শেয়ারের দাম ১৭২ শতাংশ বা ৬২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ টাকায়। অর্থাৎ প্রথম দিনেই আইপিও দামের চেয়ে প্রায় পৌনে তিন গুণ বেড়েছে এটির বাজারমূল্য।
যদিও কয়েক দিন ধরে শেয়ারবাজার পতনমুখী। পড়তি বাজারে নতুন আসা কোম্পানির এমন মূল্যবৃদ্ধিকে ‘অস্বাভাবিক’ বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, এভাবে দাম বাড়ার যৌক্তিক ও মৌল কোনো ভিত্তি নেই।
জানতে চাইলে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের ডিন মোহাম্মদ মুসা প্রথম আলোকে বলেন, ‘পড়তি বাজারে নতুন আসা কোম্পানিটির শেয়ারের দাম যে হারে বেড়েছে, সেটি খুবই অস্বাভাবিক। কোম্পানিটির মৌলভিত্তির সঙ্গে এ দাম সংগতিপূর্ণ নয়। বাজারমূল্য যদি কোম্পানিটির মৌলভিত্তির সঙ্গে সংগতিপূর্ণ হতো, তাহলে কোম্পানির মালিক ও ইস্যু ব্যবস্থাপকেরা নিশ্চয় এটিকে ৩৬ টাকায় বাজারে আনতেন না।
পোলট্রি, গবাদিপশু, মাছ, চিংড়ির খাদ্য উৎপাদনকারী আমান ফিড গতকাল দেশের দুই শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ছিল। ডিএসই ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মিলিয়ে প্রথম দিনে কোম্পানিটির প্রায় ১০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিটি আইপিওতে দুই কোটি শেয়ার ছেড়েছে। তার মধ্যে গতকাল দুই স্টক এক্সচেঞ্জ মিলিয়ে প্রায় ১ কোটি ৩৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে। অর্থাৎ আইপিও শেয়ারের বড় অংশই গতকাল হাতবদল হয়ে গেছে। প্রথম দিনে লটারিতে পাওয়া আইপিও শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিয়েছেন বিনিয়োগকারীরা। এখন সেসব শেয়ারের বড় অংশই চলে গেছে সেকেন্ডারি বা প্রতিদিনের বাজারে লেনদেনকারীদের হাতে।
এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে শেয়ারবাজারে পোলট্রি খাদ্য উৎপাদনকারী ন্যাশনাল ফিড নামের অপর কোম্পানির লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম দিনে ওই কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের দাম উঠেছিল সর্বোচ্চ সাড়ে ৪২ টাকায়। প্রায় সাড়ে সাত মাসের ব্যবধানে গতকাল সেই দাম কমে নেমে এসেছে প্রায় ২৬ টাকায়। গত মে মাসে এটির দাম সর্বনিম্ন ১৭ টাকায়ও নেমেছিল।
এ অবস্থায় ‘অস্বাভাবিক’ মূল্যবৃদ্ধি পাওয়া নতুন কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষক মোহাম্মদ মুসা।
বাজার পরিস্থিতি: গত কয়েক দিনের দরপতনের ধারা গতকালও অব্যাহত ছিল। দুই বাজারেই এদিন সূচক কমেছে। তবে উভয় বাজারে বেড়েছে লেনদেনের পরিমাণ। এ লেনদেন বৃদ্ধির পেছনে বড় ভূমিকা ছিল নতুন কোম্পানি আমান ফিডের। লেনদেন শেষে গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১ শতাংশ বা ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭২৫ পয়েন্টে। লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৬৬টিরই দাম কমেছে, বেড়েছে ১০৬টির আর অপরিবর্তিত ছিল ৪৫টির দাম। দিন শেষে ঢাকার বাজারে প্রায় ৪২১ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৭০ কোটি টাকা বেশি। ডিএসইর ৪২১ কোটি টাকার লেনদেনের মধ্যে প্রায় ৮২ কোটি টাকাই ছিল আমান ফিডের।
চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচকটি গতকাল প্রায় ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৯৯ পয়েন্টে। সিএসইতে এদিন লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৫১টিরই দাম কমেছে, বেড়েছে ৬১টির আর অপরিবর্তিত ছিল ২৫টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা বেশি। সিএসইর ৪৪ কোটি টাকার লেনদেনের মধ্যে ২০ কোটি টাকায় ছিল আমান ফিডের।