কোম্পানি কর্তৃপক্ষও বলছে, যে দাম হয়েছে তা অপ্রত্যাশিত
প্রথম দিনেই খান ব্রাদার্সের ১০ টাকার শেয়ার ৭৮ টাকা
শেয়ারবাজারে লেনদেন শুরুর প্রথম দিনেই খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারের অস্বাভাবিক দাম বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল মঙ্গলবার কোম্পানিটির ১০ টাকার শেয়ারের দাম উঠেছে ৭৮ টাকায়।
বাজার-সংশ্লিষ্টদের মতে, প্রথম দিনের এ মূল্যবৃদ্ধি কোনোভাবেই কোম্পানিটির আর্থিক ভিত্তির সঙ্গে সংগতিপূর্ণ নয়। এমনকি কোম্পানির উদ্যোক্তারাও প্রথম দিনের শেয়ারের দামকে ‘অস্বাভাবিক ও অপ্রত্যাশিত’ বলে মনে করছেন।
জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, কোম্পানিটির আর্থিক সামর্থ্য ও মৌল ভিত্তি, বাজারের সার্বিক অবস্থা বিবেচনায় প্রথম দিনের দামটি কোনোভাবেই যৌক্তিক নয়। তা সত্ত্বেও একদল বিনিয়োগকারী হয়তো এ দামকেই যৌক্তিক মনে করে লাভের আশায় উচ্চমূল্যে শেয়ার কিনেছেন।
কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান প্রথম আলোকে বলেন, ‘প্রথম দিনে বাজারে আমাদের কোম্পানির শেয়ারের যে দাম উঠেছে, তা আমাদের কাছেও অপ্রত্যাশিত। ব্যবসা, আর্থিক ভিত্তি ও সুনাম মিলিয়ে কোম্পানির যে মৌল ভিত্তি, তা বিবেচনায় এ দাম আমাদেরও ভাবনায় ছিল না।’
ডিএসইর তথ্য অনুযায়ী, গতকাল খান ব্রাদার্স পিপি ওভেনের প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৬৮ টাকা বা ৬৮০ শতাংশ। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ১০ টাকা অভিহিত মূল্য বা ফেস ভ্যালুতে এটির প্রতিটি শেয়ার বিক্রি করা হয়। অর্থাৎ আইপিওর শেয়ারে কোনো ধরনের অধিমূল্য বা প্রিমিয়াম ছিল না।
সর্বশেষ কোম্পানিটি প্রথম প্রান্তিকের (জুলাই থেকে সেপ্টেম্বর ’১৪) যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে আইপিও পরবর্তী এটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস (আর্নিং পার শেয়ার) দাঁড়িয়েছে ৩৪ পয়সা। এতে বার্ষিক হিসাবে এ আয়ের পরিমাণ দাঁড়ায় এক টাকা ৩৬ পয়সা। আর এ আয়ের সঙ্গে শেয়ারের গতকালের বাজার দামের তুলনা করলে তাতে মূল্য আয় অনুপাত বা পিই রেশিও দাঁড়ায় ৫৭-তে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির পিই রেশিও ৪০-এর ওপরে চলে গেলে সেটির বিপরীতে ঋণসুবিধা বন্ধ হয়ে যায়। অর্থাৎ ওই কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীরা কোনো ধরনের ঋণসুবিধা পান না। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনায় এ বিধানটি চালু রয়েছে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের যে বার্তাটি দেওয়া হয়, সেটি হলো ওই শেয়ারে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
পিই রেশিওর বিবেচনায় লেনদেনের প্রথম দিনেই ঋণসুবিধার বাইরে চলে গেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার।
বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের প্রধান মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, যে কোম্পানির পিই রেশিও যত বেশি, ওই কোম্পানির শেয়ারে বিনিয়োগ ততটাই ঝুঁকিপূর্ণ। এসব জানার পরও কেউ যদি উচ্চমূল্যে কোম্পানিটির শেয়ার কেনেন, তাহলে তাঁকে সতর্ক করা ছাড়া কারোরই কিছু করার নেই। এ ক্ষেত্রে উচ্চমূল্যে শেয়ার কিনে যদি কোনো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হন, তাহলে তার জন্য কাউকে দায়ী করা যাবে না। এ অবস্থায় নিয়ন্ত্রক সংস্থা খতিয়ে দেখতে পারে কারা এবং কী উদ্দেশ্যে এত উচ্চমূল্যে কোম্পানিটির শেয়ার কিনছেন। এ ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের নিজেদের সার্ভিল্যান্সের মাধ্যমে আমরা এটির শেয়ারের লেনদেন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যদি কোথাও কোনো অনিয়ম পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
আইপিওতে খান ব্রাদার্স দুই কোটি শেয়ার ছেড়েছিল। প্রথম দিনে গতকাল দুই স্টক এক্সচেঞ্জ মিলিয়ে এক কোটি ১৮ লাখের বেশি শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ডিএসইতে ৯৬ ও সিএসইতে ২২ লাখের বেশি শেয়ার লেনদেন হয়েছে। অর্থাৎ আইপিওতে যাঁরা কোম্পানিটির শেয়ার পেয়েছিলেন, তাঁদের অধিকাংশই এদিন নিজেদের শেয়ার বিক্রি করে দিয়েছেন।