প্রথম দিনেই ন্যাশনাল ফিডের বিপুল শেয়ার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে গতকাল সোমবার থেকে বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিলের লেনদেন শুরু হয়েছে। লেনদেনের প্রথম দিনেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এটির প্রতি শেয়ারের দাম ৩২৩ শতাংশ বা ৩২ টাকা ৩০ পয়সা বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এটির শেয়ারপ্রতি দাম বেড়েছে ৩২ টাকা ২০ পয়সা।

ডিএসইতে গতকাল কোম্পানিটির প্রায় ৩৬ কোটি টাকা মূল্যমানে ৮১ লাখ ২৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আর সিএসইতে প্রায় নয় কোটি টাকায় লেনদেন হয়েছে ২০ লাখ ৪৭ হাজার শেয়ার। দুই বাজার মিলিয়ে গতকাল প্রথম দিনেই কোম্পানিটির প্রায় ১ কোটি পৌনে দুই লাখ শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে মোট ১ কোটি ৮০ লাখ শেয়ার বিক্রি বা ইস্যু করেছে। সেই হিসাবে প্রথম দিনেই আইপিও শেয়ারের অর্ধেকেরও বেশি হাতবদল হয়েছে। আইপিওতে প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে বিক্রি করা হয়। এর মাধ্যমে কোম্পানিটি  সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ১৮ কোটি টাকা সংগ্রহ করে। দিনের শুরুতে গতকাল ন্যাশনাল ফিডের শেয়ারের লেনদেন হয় ৪৪ টাকা ৯০ পয়সায়। আর দিন শেষে এটির মূল্য দাঁড়ায় ৪২ টাকা ৩০ পয়সায়।

গত বছরের অক্টোবরের শেষ সপ্তাহে কোম্পানিটি আইপিওর অর্থ সংগ্রহ করে। তার প্রায় আড়াই মাস পর গতকাল শেয়ারবাজারে এটির লেনদেন শুরু হলো।