প্রধান সূচক নেমে গেল ৪৫০০ পয়েন্টের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আবারও সাড়ে ৪ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। এতে সূচকটি গত বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ের অবস্থানে ফিরে গেছে।

চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে গতকাল মঙ্গলবার ঢাকার বাজারের প্রধান সূচকটি ২৮ পয়েন্ট কমে নেমে এসেছে ৪ হাজার ৪৮৪ পয়েন্টে। এর আগে সর্বশেষ গত ১৬ নভেম্বর ডিএসইএক্স ৪ হাজার ৪৭৬ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল।

বাজার বিশ্লেষকেরা এত দিন ডিএসইএক্সের সাড়ে ৪ হাজার পয়েন্টের অবস্থানকে ‘মনস্তাত্ত্বিক সীমা’ হিসেবে অভিহিত করছেন। তাঁদের মতে, সূচক এ সীমার নিচে নেমে এলে তাতে পতন আরও ত্বরান্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

জানতে চাইলে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন মোহাম্মদ মুসা প্রথম আলোকে বলেন, শেয়ারবাজারের কারিগরি বিশ্লেষণের (টেকনিক্যাল অ্যানালাইসিস) হিসাবে সাড়ে ৪ হাজার পয়েন্টকে ‘সাপোর্ট লেভেল বা আশ্রয় সীমা’ ধরা হয়। ডিএসইর সূচকের সেই সীমাটি গতকাল ভেঙে গেছে। তার মানে এখন বাড়তি বিনিয়োগ না করলে সূচকের পতন আরও ত্বরান্বিত হওয়ার আশঙ্কা রয়েছে।

মোহাম্মদ মুসা আরও বলেন, সূচক যখন এ ধরনের মনস্তাত্ত্বিক সীমার নিচে নেমে যায়, তখন বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতাও বাড়ে। সেই আস্থাহীনতা কাটাতে হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরই বড় ধরনের বিনিয়োগ করতে হবে বাজারে।

ডিএসইতে পাঁচ দিন ধরেই একটানা সূচক কমছে। তারই ধারাবাহিকতায় গতকাল এটি চলতি বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে।

মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের গতকালের বাজার পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, লভ্যাংশের সঙ্গে দাম সমন্বয়ের কারণে এদিন বড় মূলধনি বেশ কয়েকটি কোম্পানির শেয়ারের বড় ধরনের দরপতন ঘটে। যার নেতিবাচক প্রভাব গিয়ে পড়ে সূচকে।

আইডিএলসির প্রতিবেদন অনুযায়ী, লভ্যাংশের সঙ্গে শেয়ারের দাম সমন্বয়ের ফলে গ্রামীণফোনের প্রতিটি শেয়ারের প্রায় ৫ শতাংশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বা বিএটির ৪ শতাংশ এবং ম্যারিকোর প্রায় ৩ শতাংশ দাম কমেছে। এর বাইরে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতাকে সূচকের পতনের কারণ হিসেবে উল্লেখ করেছে আইডিএলসি।

এমনিতেই কয়েক দিন ধরে সূচকের নিম্নগতি, তার মধ্যে কিছু কিছু কোম্পানির লভ্যাংশের খবরেও দামের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। যেসব কোম্পানি নগদ লভ্যাংশের ঘোষণা দিচ্ছে, সেসব কোম্পানির শেয়ারে নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।

আর্থিক খাতের দুই কোম্পানি লঙ্কাবাংলা ফিন্যান্স ও আইডিএলসি ফিন্যান্স। ২০১৫ সালের ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের জন্য লঙ্কাবাংলা ১৫ শতাংশ বোনাস ও ১৫ শতাংশ নগদ মিলিয়ে মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আর আইডিএলসি ফিন্যান্স ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। পাশাপাশি কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএসও আগের বছরের চেয়ে প্রায় এক টাকা বেড়েছে। তা সত্ত্বেও তিন দিন ধরে আইডিএলসির শেয়ারের দাম কমছে। লঙ্কাবাংলা ফিন্যান্সের শেয়ারের দাম ঊর্ধ্বমুখী।

মোহাম্মদ মুসা বলেন, সাম্প্রতিক প্রবণতা থেকে দেখা যাচ্ছে, নগদ লভ্যাংশের প্রতি বিনিয়োগকারীরা খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না। এ কারণে আয় যতই ভালো হোক নগদ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানির শেয়ারের দাম কমছে।

ঢাকার বাজারে গতকালও লেনদেনে শীর্ষে ছিল লঙ্কাবাংলা ফিন্যান্স। পাশাপাশি কোম্পানিটির শেয়ারের দাম এদিনও প্রায় সাড়ে ৪ শতাংশ বা ১ টাকা ৮০ পয়সা বেড়েছে। গত ২২ ফেব্রুয়ারির পর মাত্র ছয় কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ১৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪২ টাকা ৪০ পয়সায়। এদিন ডিএসইতে কোম্পানিটির প্রায় ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে মঙ্গলবার দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৪১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২২ কোটি টাকা কম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেনের পরিমাণ ছিল ২৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৩ কোটি টাকা কম। সিএসইর সার্বিক সূচকটিও গতকাল ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৪৩ পয়েন্টে।