প্রায় আড়াই লাখ বিও হিসাব বন্ধ হয়ে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ হয়ে গেল আরও ২ লাখ ৩৬ হাজার বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব। মাত্র এক মাসের ব্যবধানে শেয়ারবাজারে লেনদেনের মাধ্যম এসব হিসাব বন্ধ হয়ে গেছে। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে ২ লাখ ৩৬ হাজার বিনিয়োগকারী শেয়ারবাজারের সঙ্গে তাঁদের সম্পর্ক ছিন্ন করেছেন।

বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএলের হিসাবে, গত ৩০ জুন শেয়ারবাজারে সক্রিয় বিও হিসাবের সংখ্যা ছিল ৩১ লাখ ৫৩ হাজার ৪৪১টি। আর গতকাল ২ আগস্ট সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৯ লাখ ১৭ হাজার ৪৭৭টিতে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বাৎসরিক নবায়ন মাশুল দিয়ে হালনাগাদ না করায় এসব হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ হিসাবধারীরা বছর শেষে মাশুল দিয়ে হিসাবগুলো সচল রাখার ব্যাপারে আগ্রহ দেখাননি। বিও হিসাব সক্রিয় রাখতে বার্ষিক ৫০০ টাকা মাশুল নির্ধারিত রয়েছে সিডিবিএলের। সাধারণত ৩০ জুনের মধ্যে এ মাশুল পরিশোধ করতে হয় বিও হিসাবধারীদের। যেসব হিসাবের বিপরীতে মাশুল পরিশোধ করা হয় না, জুলাই মাস থেকে সেসব হিসাব ক্রমান্বয়ে বন্ধ করে দেওয়া হয়।

সিডিবিএলের বাৎসরিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ৩০ জুন শেয়ারবাজারে ৩২ লাখ ৪ হাজার ৬০৩টি সক্রিয় বিও হিসাব ছিল। ১৩ মাসের ব্যবধানে গতকাল তা ২ লাখ ৮৭ হাজার কমে প্রায় ২৯ লাখে নেমে এসেছে।

প্রসঙ্গত, শেয়ারবাজারে লেনদেনের জন্য ব্যাংক হিসাবের পাশাপাশি প্রত্যেক বিনিয়োগকারীকে ব্রোকারেজ হাউসে একটি করে হিসাব খুলতে হয়। শেয়ারবাজারে এটি বিও হিসাব নামেই পরিচিত। একজন বিনিয়োগকারী নিজ নামে ও যৌথভাবে সর্বোচ্চ দুটি হিসাব খুলতে পারেন। অনেকে আবার প্রাথমিক শেয়ারে বিনিয়োগ করার জন্য আত্মীয়স্বজনের নামেও একাধিক বিও হিসাব খোলেন।

শেয়ারবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২০১০ সালের শেয়ারবাজার ধসের সাড়ে পাঁচ বছর পর এসেও এখনো বিপুল পরিমাণ বিনিয়োগকারী বাজার ছাড়ছেন। বাজারের ওপর আস্থা ও আগ্রহ হারিয়ে ফেলায় এসব বিনিয়োগকারী বিও হিসাব নবায়ন করেননি। তাঁদের মতে, একটি বিও হিসাব বন্ধ হওয়াও কাম্য নয়।

জানতে চাইলে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিও হিসাবধারীদের একটি বড় অংশ শুধু শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে আবেদন করে থাকেন। সেকেন্ডারি বাজারে তাঁরা খুব বেশি নিয়মিত লেনদেন করেন না। আবার অপর অংশটি সেকেন্ডারি বাজারে সক্রিয় লেনদেন করে থাকেন। বর্তমানে বাজারের যে অবস্থা তাতে আইপিও এবং সেকেন্ডারি বাজার—কোনোটা থেকেই বিনিয়োগকারীরা প্রত্যাশিত মুনাফা পাচ্ছেন না। যার কারণে শেয়ারবাজারের প্রতিই তাঁদের আগ্রহ কমে গেছে। তাই বিও হিসাবধারীদের একটি বিপুল অংশ এ বছর আর বিও হিসাব নবায়ন করেননি।’

শাকিল রিজভী আরও বলেন, সাধারণ বিনিয়োগকারীর অংশগ্রহণ যে দিনকে দিন কমে যাচ্ছে, তার প্রমাণ মেলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারধারণ-সংক্রান্ত হালনাগাদ তথ্যে। তাতে দেখা যাচ্ছে, সাধারণ বিনিয়োগকারীর অংশ কমে যাচ্ছে, তার বিপরীতে প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীর অংশ বাড়ছে।

সাধারণ বিনিয়োগকারীদের বাজার ছেড়ে যাওয়া বন্ধে করণীয় সম্পর্কে জানতে চাইলে শাকিল রিজভী বলেন, বাজারে গতিসঞ্চার না হলে বিনিয়োগকারী ধরে রাখা যাবে না। গতি ফিরে এলে আবার বিনিয়োগকারীর সংখ্যাও বাড়বে।

এদিকে, প্রতিটি বিও হিসাব নবায়নের জন্য বার্ষিক ৫০০ টাকার যে মাশুল নেওয়া হয়, তার মধ্যে সংশ্লিষ্ট ডিপজিটরি প্রতিষ্ঠান অর্থাৎ যার অধীনে বিও হিসাবটি খোলা হয় সেই প্রতিষ্ঠান পায় ১০০ টাকা। সিডিবিএল পায় ১৫০ টাকা, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পায় ৫০ টাকা আর বাকি ২০০ টাকা সরকারের কোষাগারে জমা হয়।