ফরচুন শু্ আসছে শেয়ারবাজারে
পাদুকাশিল্প খাতের আরও একটি কোম্পানি শেয়ারবাজারে যুক্ত হতে যাচ্ছে। এ খাতের ফরচুন শুড় লিমিটেড নামের কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করা হয়।
বিএসইসির একই সভায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে সাবেক ব্যাংকার কে এ এম মাজেদুর রহমানের নিয়োগও অনুমোদন করা হয়। এ ছাড়া ডিপোজিটরি সেবার আওতায় বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের রক্ষণাবেক্ষণ ও অন্যান্য মাশুল কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরচুন শুক কোম্পানিটি আইপিওতে ২ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ২২ কোটি টাকা সংগ্রহ করবে। নতুন বিধান অনুযায়ী, কোম্পানিটি স্থির মূল্য বা ফিক্সড প্রাইস পদ্ধতিতে বাজারে আসবে। এ পদ্ধতিতে শেয়ারের অধিমূল্য বা প্রিমিয়াম দাবির কোনো সুযোগ নেই। ফলে আইপিওতে ফরচুন শুনর প্রতিটি শেয়ার বিক্রি হবে ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে।
বিএসইসির নতুন বিধান অনুযায়ী, কোনো কোম্পানি প্রিমিয়াম নিয়ে শেয়ারবাজারে আসতে চাইলে ওই কোম্পানিকে বুক বিল্ডিং পদ্ধতিতে বাজারে আসতে হবে। বিএসইসি জানিয়েছে, ফরচুন শুন কোম্পানিটি বাজার থেকে ২২ কোটি টাকা সংগ্রহ করে তা দিয়ে ভবন নির্মাণ, মেশিন ও সরঞ্জাম কেনায় ব্যয় করবে। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পিরিয়াল ক্যাপিটাল ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট। কোম্পানিটি আইপিও আবেদনের সঙ্গে যে আর্থিক প্রতিবেদন জমা দিয়েছে, তাতে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাস শেষে নয় মাসে এটির শেয়ার প্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ২২ পয়সা।
বর্তমানে শেয়ারবাজারে পাদুকাশিল্প খাতের তিনটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এগুলো হলো অ্যাপেক্স ফুট, বাটা শুক ও লিগেসি ফুট। ফরচুন শুে তালিকাভুক্ত হলে এ সংখ্যা বেড়ে দাঁড়াবে চারটিতে।
এদিকে প্রিমিয়ার ব্যাংকের সাবেক এমডি মাজেদুর রহমানকে ডিএসইর এমডি হিসেবে নিয়োগ অনুমোদন করেছে বিএসইসি। ডিএসইর সুপারিশের ভিত্তিতে তাঁর এ নিয়োগ অনুমোদন করা হয়। জানা গেছে, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে নতুন কর্মস্থলে যোগ দেবেন মাজেদুর রহমান। তাঁর এ নিয়োগের আগে ডিএসইর এমডি হিসেবে দায়িত্ব পালন করেন বিএসইসির বর্তমান কমিশনার স্বপন কুমার বালা। গত এপ্রিলে ডিএসইর এমডি হিসেবে স্বপন কুমার বালার মেয়াদ শেষ হয়। এরপর থেকে ভারপ্রাপ্ত এমডি দিয়ে কার্যক্রম চলে আসছে ডিএসইর।
এ ছাড়া বিও হিসাবের রক্ষণাবেক্ষণ ও অন্যান্য মাশুল কমানোর সিদ্ধান্ত পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে জনমত সংগ্রহ শেষে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিএসইসি।