ফরচুন সুজ কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার। আগ্রহী ব্যক্তিরা ২৮ আগস্ট পর্যন্ত কোম্পানিটির শেয়ারের জন্য আবেদন করতে পারবেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ১৯ জুলাই কোম্পানিটির আইপিওর সম্মতিপত্র দেয়। কোম্পানিটি আইপিওতে ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে ২ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করবে। আইপিওতে বিক্রির জন্য ৫০০ শেয়ারের সমন্বয়ে প্রতিটি বাজারগুচ্ছ বা মার্কেট লট তৈরি করা হয়েছে। সেই হিসাবে কোম্পানিটির প্রতি লট শেয়ারের আবেদনের জন্য বিনিয়োগকারীদের খরচ হবে পাঁচ হাজার টাকা। বিএসইসি জানিয়েছে, আইপিওর মাধ্যমে কোম্পানিটি ২২ কোটি টাকা সংগ্রহ করবে। সেই টাকা নতুন যন্ত্রপাতি ক্রয় এবং ভবন নির্মাণের কাজে খরচ করা হবে। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পিরিয়াল ক্যাপিটাল ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট।