ফার্স্ট সিকিউরিটির রাইট আবেদন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের অধিকারমূলক বা রাইট শেয়ার ছাড়ার আবেদন বাতিল করা হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির এই আবেদন নাকচ করেছে। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, কোম্পানিটি অধিকারমূলক শেয়ার ছাড়ার শর্ত পরিপালন করতে পারেনি।

অধিকারমূলক শেয়ার-সংক্রান্ত সিকিউরিটি আইনের ৩(এফ) ধারায় বলা আছে, কোম্পানি বা তার কোনো পরিচালক ব্যাংক ঋণখেলাপি হতে পারবে না। কিন্তু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এই শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। তালিকাভুক্ত কোনো কোম্পানি অধিকারমূলক শেয়ার ছাড়ার আবেদন করলে বিএসইসি ওই কোম্পানি ও পরিচালকদের ঋণসংক্রান্ত তথ্য যাচাই করে। তাতে ঋণখেলাপির তথ্য পায় বিএসইসি।

 কোম্পানিটি গত মার্চে বিদ্যমান দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি অধিকারমূলক শেয়ার ছাড়ার ঘোষণা দেয়।