ফের ইতিবাচক ধারায় শেয়ারবাজার
টানা তিন দিন নিম্নমুখী প্রবণতার পর আজ সোমবার ইতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে দেশের শেয়ারবাজারে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা। তবে লেনদেন কমেছে দুই বাজারে।
ডিএসইতে সূচক বেড়েছে ৪৫ পয়েন্ট
দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,১৫৭ পয়েন্টে। এর আগে আজ সকালে সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর একাধিকবার ওঠানামার পর বেলা একটার দিকে ঊর্ধ্বমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে ৩০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৪টির দাম বেড়েছে। কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৫০৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৪ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৫২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক বেড়েছে ১১৪ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৮৯৪ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৯টির দাম বেড়েছে, কমেছে ৯২টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা কম। গতকাল সিএসইতে ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। আজ প্রতিষ্ঠানটির ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এমজেএল বিডি, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, কেপিসিএল, তিতাস গ্যাস, যমুনা অয়েল, বেক্সিমকো, সামিট পাওয়ার প্রভৃতি।