ফেসবুকে শেয়ারবাজার নিয়ে সক্রিয় বিভিন্ন গ্রুপ-ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপ, পেজ এবং স্বনামে ও বেনামের ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলে শেয়ারবাজার সম্পর্কে বিভিন্ন গুজব ছড়াতে এখনো সক্রিয় রয়েছে একটি চক্র। চক্রটি ‘লাভজনক শেয়ারের’ খবরের কথা বলে সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে চলেছে।
সিকিউরিটিজ আইনে এ ধরনের গুজব ছড়ানো ও প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোয় গত সোমবার পুঁজিবাজারবিষয়ক বিশেষ ট্রাইব্যুনাল ব্রোকারেজ হাউসের সাবেক এক কর্মকর্তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।

সিকিউরিটিজ আইনে এ ধরনের গুজব ছড়ানো ও প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর গত সোমবার পুঁজিবাজারবিষয়ক বিশেষ ট্রাইব্যুনাল এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন

এরপর প্রথম আলোর পক্ষ থেকে গত দুদিনে অনুসন্ধান চালিয়ে এ ধরনের ৩৫টি ‘ফেসবুক গ্রুপ’ ও ৩০টি ব্যক্তিগত ‘ফেসবুক অ্যাকাউন্টের’ সন্ধান পাওয়া গেছে। এসব গ্রুপে সর্বোচ্চ ৪০ হাজার থেকে সর্বনিম্ন দুই হাজার সদস্যও রয়েছে। তবে এর বাইরে আরও অনেক গ্রুপ বা ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকতে পারে। সক্রিয় কিছু গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট টাকার বিনিময়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি সম্পর্কে নানা খবর ও কেনাবেচার পরামর্শ দিয়ে বাজারকে প্রভাবিত করার চেষ্টা করছে। এসব খবরে সুনির্দিষ্ট কোম্পানির শেয়ারকে ‘হট আইটেম’ উল্লেখ করে সর্বোচ্চ পাঁচ শ শতাংশ পর্যন্ত লাভের প্রচারণা চালানো হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এসব গ্রুপের সদস্যদের কেউ কেউ নিজেদের ‘শেয়ার বাজার অ্যানালিস্ট বা বিশ্লেষক’ হিসেবেও দাবি করছেন। তবে সিকিউরিটিজ আইন অনুযায়ী, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সনদ ছাড়া কারও ‘বাজার বিশ্লেষক’ হওয়ার সুযোগ নেই। আইনে এ ধরনের কর্মকাণ্ডের শাস্তি সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ন্যূনতম পাঁচ লাখ টাকা জরিমানা।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম প্রথম প্রথম আলোকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রচারণা ও গুজব বড় কোম্পানির শেয়ারে কোনো প্রভাব না ফেললেও ছোট কোম্পানির শেয়ারের ক্ষেত্রে প্রভাব ফেলার শঙ্কা থাকে। কারণ ছোট কোম্পানির শেয়ার একসঙ্গে অনেকে কেনা-বেচা করলে তাতে দামের ওপর প্রভাব পড়ে। এর ফলে বাজারের ভারসাম্য নষ্টও হবে। তিনি বলেন, এ ধরনের পরামর্শ শুনে যেসব বিনিয়োগকারী শেয়ার কেনা-বেচা করছেন তাঁরা হয়তো দুই-একবারের জন্য লাভের মুখ দেখতে পারেন। কিন্তু শেষপর্যন্ত এসব গুজব বা মিথ্যা প্রচারণার ওপর ভরসা করলে তাতে ক্ষতির পাল্লাই ভারী হবে।’
এদিকে ফেসবুকে ভুয়া আইডি খুলে শেয়ার সম্পর্কে বিনিয়োগকারীদের মধ্যে মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ নিজেরাই অফিশিয়াল ফেসবুক পেজ চালু করেছে। যাতে সিএসইর নামে কেউ ভুয়া প্রচারণা চালাতে না পারে।
জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো তিনভাবে ব্যবহার করা হচ্ছে। এর একটি হচ্ছে—টাকার বিনিময়ে ‘হট আইটেমের’ সন্ধান দেওয়া। লাভের ২০ শতাংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত সন্ধানদাতাকে দেওয়ার শর্তে পরবর্তী সময়ে তাঁরা বিনিয়োগকারীদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছে। যোগাযোগের একপর্যায়ে ‘হট আইটেম’ নামে নির্দিষ্ট কোম্পানির শেয়ারের নাম বিনিয়োগকারীর ফেসবুক ইনবক্সে ও মুঠোফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। এ জন্য অনেকে আগাম টাকাও নিচ্ছেন।
দ্বিতীয় পদ্ধতি হলো—গ্রুপে এবং ওয়ালে বিভিন্ন শেয়ারের নাম দিয়ে বিনিয়োগকারীদের সেগুলো কিনতে বলা। বেশি সংখ্যক বিনিয়োগকারীর কাছে এ ধরনের খবর ছড়িয়ে দিয়ে এর মাধ্যমে নির্দিষ্ট শেয়ারের মূল্যকে প্রভাবিত করা।
তৃতীয় পন্থাটি অনেকটা মাল্টি লেভেল মার্কেটিংয়ের (এমএলএম) মতো। ওয়ালে বা গ্রুপে পোস্ট দিয়ে বলা হয় নির্দিষ্ট সংখ্যক সদস্য যোগ করতে পারলে ইনবক্সে ‘হট আইটেমের’ নাম জানিয়ে দেওয়া হবে।
ফেসবুকে শেয়ারবাজার নিয়ে সক্রিয় গ্রুপগুলোর সঙ্গে যোগাযোগ রয়েছে বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত মো. রাকিবুল ইসলামের। তিনি বলেন, ‘বেশ কিছু গ্রুপকে অনেক বছর ধরে পর্যবেক্ষণ করছি। যখন বাজার “পড়তি” থাকে তখন এরাও চুপ থাকে। বাজার “ভালো” হলে এরাও সক্রিয় হয়ে ওঠে।’ একাধিক গ্রুপের সদস্যের সঙ্গে এই প্রতিবেদক যোগাযোগের চেষ্টা করলেও তাঁরা কোনোভাবেই নিজেদের পরিচয় প্রকাশ করেননি। তবে একটি গ্রুপ থেকে অগ্রিম সাত হাজার টাকা দেওয়ার জন্য একটি বিকাশ নম্বর দেওয়া হয়। পরে সেই নম্বরে যোগাযোগ করে ঠিকানা জানতে চাইলে অপর প্রান্ত থেকে সংযোগ কেটে দেওয়া হয়। এরপর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েকজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও দেওয়া হয়েছে। কিন্তু কিছুদিন পরই নতুনভাবে ভিন্ন ভিন্ন নামে সেগুলো আবার সক্রিয় হচ্ছে।’ তিনি জানান, এ ধরনের কর্মকাণ্ড সিকিউরিটিজ আইনে শাস্তিযোগ্য অপরাধ।