বছরের দ্বিতীয় কার্যদিবসেও মন্দা
নতুন বছরের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সোমবারও দরপতনের ধারা থেকে বেরোতে পারেনি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬ পয়েন্ট কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অবশ্য আগের দিনের মতো সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
বছরের প্রথম কার্যদিবসে গত রোববারও ঢাকার বাজারে সূচক ও লেনদেন উভয়ই কমেছিল। তবে গতকাল সূচক কমলেও লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদন অনুযায়ী, গতকালের শেয়ারবাজারে দরবৃদ্ধিতে শীর্ষে ছিল তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের কোম্পানিগুলো। আর দাম কমার শীর্ষে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাত।
বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বাজার একটি বৃত্তে ঘুরপাক খাচ্ছে। এ অবস্থায় তালিকাভুক্ত কোম্পানিগুলোর আয়-সংক্রান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত বড় ধরনের কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না।’
ঢাকার বাজারে সোমবার ৩১৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে দাম কমেছে ১৫১টির, বেড়েছে ১২৭টির আর অপরিবর্তিত ছিল ৪০টি। ডিএসইতে এদিন প্রায় ৪৪০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৭৪ কোটি টাকা বেশি।
অন্যদিকে চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচকটি গতকাল সাড়ে ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ১১৬ পয়েন্টে। এদিন এ বাজারে ২২২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। যার মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ৯৫টির আর অপরিবর্তিত ছিল ৩১টির। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে সাত কোটি টাকা বেশি।