বছরের শেষ কার্যদিবসে মিশ্র প্রবণতা পুঁজিবাজারে
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও প্রথম দুই ঘণ্টার লেনদেনে কিছুটা মিশ্র প্রবণতা লক্ষ করা যাচ্ছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ বৃহস্পতিবার এই সপ্তাহের ও এই বছরের শেষ কার্যদিবস গতকালের চেয়ে লেনদেনের গতি বেশি ডিএসইতে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেনের ভালো গতি লক্ষ করা যাচ্ছে আজ।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, এক টানা কয়েক দিন সূচক বাড়ার কারণে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা মুনাফা তুলে নেওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে আজ।
দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ২ দশমিক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০২৫ পয়েন্টে। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৫৫৪ কোটি ২৮ লাখ টাকা। গতকাল দুপুর সাড়ে ১২ নাগাদ লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৬০ কোটি টাকা। আজ দুপুর সাড়ে ১২ নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৪৩টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির।
অন্যদিকে সিএসইতে দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ১৫ দশমিক ৬১ পয়েন্ট। মোট লেনদেন প্রায় ৩৪ কোটি ৬৯ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২৭ কোটি টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১০৭টির। দর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির।