বছরের সর্বনিম্ন অবস্থানে ডিএসইর প্রধান সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫১২ পয়েন্টে নেমে এসেছে। এটি চলতি বছরে এই সূচকের সর্বনিম্ন অবস্থান।
এর আগে গত বছরের ২০ ডিসেম্বর ডিএসইর প্রধান সূচকটি একই অবস্থানে ছিল। ওই দিন এ সূচক ৪ হাজার ৫১২ পয়েন্টে নেমে গিয়েছিল।
অবশ্য গতকাল ডিএসইতে সূচক কমলেও লেনদেন বেড়ে প্রায় ৪৬৩ কোটি টাকায় উঠেছে, যা আগের দিনের ৪২৪ কোটি ৩৩ লাখ টাকার চেয়ে ৩৮ কোটি ৩৯ লাখ টাকা বেশি।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের বাজার পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহ থেকে বাজার নিয়ে বিনিয়োগকারীদের মনে যে বিষাদ তৈরি হয়েছে তা এখনো কাটেনি। তাই বাজারের ওপর দীর্ঘ মেয়াদে আস্থা রাখতে পারছেন না তাঁরা। সে জন্য স্বল্পকালীন মুনাফার পেছনে ছুটছেন বিনিয়োগকারীরা।
লঙ্কাবাংলা ফিন্যান্সিয়াল পোর্টালের তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির দিক থেকে গতকালের বাজারে সবচেয়ে সক্রিয় কোম্পানি ছিল ওয়াটা কেমিক্যালস। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম এক লাফে ১০ শতাংশ বা ১৫ টাকা ৮০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ টাকা ৩০ পয়সায়।
হঠাৎ করে এক দিনে কোম্পানিটির শেয়ারের দামের কেন এই উল্লম্ফন? এর কারণ অনুসন্ধানে জানা গেল, ৫ মার্চ কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা ডাকা হয়েছে। ওই সভা থেকে ২০১৫ সালে সমাপ্ত আর্থিক বছরের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ডিএসইর ওয়েবসাইটে এমন তথ্যই প্রকাশ করেছে কোম্পানিটি। বাজার-সংশ্লিষ্ট একটি পক্ষের ধারণা, ভালো লভ্যাংশের প্রত্যাশাতেই ওয়াটার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। তবে অপর একটি পক্ষ মনে করছে, লভ্যাংশ ঘোষণার সম্ভাবনাকে সামনে রেখে কারসাজি করে দাম বাড়ানো হচ্ছে। তবে দুই ভিন্ন মতের কোনোটির পক্ষেই সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ নেই।
এদিকে ডিএসইতে গতকাল কোম্পানিটির মোট ১ কোটি ১১ লাখ টাকা সমমূল্যের প্রায় ৬৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এর আগে টানা তিন কার্যদিবসে প্রতিদিনই কোম্পানিটির শেয়ারের দাম একটু একটু করে কমেছিল।
লেনদেনের পরিমাণে গতকাল বাজারে সর্বাধিক আধিপত্য ছিল লঙ্কাবাংলা ফিন্যান্সের। এককভাবে কোম্পানিটির প্রায় ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। আর দাম বেড়েছে ৫ শতাংশের বেশি বা দুই টাকা। গত পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারপ্রতি দাম ১৪ টাকা ৮০ পয়সা বেড়েছে। গত ২২ ফেব্রুয়ারি এটির প্রতিটি শেয়ারের দাম ছিল সাড়ে ২৬ টাকা। গতকাল তা বেড়ে হয়েছে ৪০ টাকা ৮০ পয়সা। ২২ ফেব্রুয়ারি কোম্পানিটি শেয়ারধারীদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এরপর থেকেই মূলত বাজারে কোম্পানিটির শেয়ারের দাম ঊর্ধ্বমুখী।