লেনদেনের দ্বিতীয় দিনেই দাম কমল ইউনাইটেড পাওয়ারের
বছরের সর্বনিম্ন অবস্থানে দুই শেয়ারবাজারের সূচক
টানা চার দিনের দরপতনে সাড়ে আট মাস আগের অবস্থানে ফিরে গেছে দেশের দুই শেয়ারবাজারের সূচক। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল সোমবার ৩৪ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯৭ পয়েন্টে নেমে গেছে।
চলতি বছরের চার মাসসহ গত সাড়ে আট মাসে এটিই ডিএসইএক্সের সর্বনিম্ন অবস্থান। এর আগে সর্বশেষ গত বছরের ২৩ জুলাই ডিএসইএক্স ছিল ৪ হাজার ৩৮৯ পয়েন্ট।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এদিন প্রায় ১২৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৫৩ পয়েন্টে নেমেছে। এর আগে গত বছরের ২০ জুলাই সিএসইর সার্বিক সূচকটি ছিল ১৩ হাজার ৪৩০ পয়েন্ট।
অব্যাহত দরপতনে শেয়ারবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আবারও হতাশা প্রকট হচ্ছে। কারণ, এত দিন তাঁরা দরপতনের জন্য দেশের রাজনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করে আসছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে রাজনীতিতে একধরনের স্বস্তি ফিরলেও শেয়ারবাজারে দরপতন থামছে না।
ঢাকার বাজারে গতকাল ৩১০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে ২২৩টিরই দাম কমেছে। বেড়েছে ৫৫টির আর অপরিবর্তিত ছিল ৩২টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩০৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় সাত কোটি টাকা কম।
চট্টগ্রামের বাজারে সোমবার ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় ১৭৯টির দাম কমেছে। বেড়েছে ৩৬টির আর অপরিবর্তিত ছিল ২৪টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা কম।
এদিকে লেনদেন শুরুর দ্বিতীয় দিনে এসেই ধাক্কা খেয়েছে নতুন তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ারের শেয়ারের দাম। প্রথম দিনে কোম্পানিটির ৭২ টাকার শেয়ারের দাম ৯৪ শতাংশ বেড়ে হয় ১৩৯ টাকা। আর গতকাল দ্বিতীয় দিনে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৭ টাকা ৬০ পয়সা বা প্রায় ৬ শতাংশ কমে নেমে এসেছে ১২৭ টাকায়। তবে প্রথম দিনের মতো গতকালও দুই শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে ছিল এই কোম্পানি।
দুই বাজার মিলিয়ে গতকাল কোম্পানিটির ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ডিএসইতে প্রায় ২৮ কোটি ৮৩
লাখ টাকা এবং সিএসইতে ৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।