বছরের সর্বোচ্চ দরপতন শেয়ারবাজারে
দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার লেনদেন বাড়লেও চলতি বছরের সর্বোচ্চ দরপতন ঘটেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় দেড় শতাংশ বা ৭৪ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকও প্রায় দেড় শতাংশ বা ২১৬ পয়েন্ট কমেছে।
ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া ৩০৯ কোম্পানির মধ্যে ২৬৫টিরই দরপতন ঘটে। সিএসইতে ২৪০টির মধ্যে ১৯৫টি কোম্পানিরই শেয়ারের দাম কমেছে। এর আগে গত সোমবার ডিএসইএক্স ৫০ পয়েন্ট ও সিএসইর সার্বিক সূচক ১৫৩ পয়েন্ট কমেছিল। ইতিপূর্বে সেটিই ছিল এ বছরের সর্বোচ্চ পতন।
এদিকে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা গতকালের দরপতনের জন্য দেশের চলমান রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেছেন। যদিও চলমান এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও একাধিক দিন শেয়ারবাজারে সূচক বেড়েছে। দরপতনের কারণ হিসেবে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা যে ধারণা বা বক্তব্য দিয়েছেন তার সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন বিশ্লেষকেরা।
ডিএসইর পরিচালক শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, রাজনৈতিক অস্থিরতার প্রথম কয়েক দিন বিনিয়োগকারীরা সমাধানের আশায় থাকলেও যত দিন যাচ্ছে তাঁদের মধ্যে হতাশা বাড়ছে। তারই প্রতিফলন ঘটেছে বাজারে। স্থিতিশীলতা ফিরে এলে বাজারে ইতিবাচক প্রভাব দেখা যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল জানান, রাজনৈতিক পরিস্থিতি বাজার পতনের একটি উপলক্ষ মাত্র, মূল কারণ নয়। যারা কম দামে শেয়ার কেনার অপেক্ষায় থাকেন তঁারা এ পরিস্থিতিটিকে ব্যবহার করছেন।
সূচকের বড় পতনের ফলে বুধবার দিন শেষে ডিএসইর প্রধান সূচক নেমে এসেছে ৪ হাজার ৭৮৩ পয়েন্টে। তবে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৩৫ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮২ কোটি টাকায়। এদিন সিএসইর সার্বিক সূচক কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৯ পয়েন্টে। দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৮ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৩ কোটি টাকায়।