বড় দরপতন শেয়ারবাজারে
সপ্তাহের প্রথম দিন আজ রোববার বড় দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস দরপতন দেখলেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন বৃহস্পতিবারের চেয়ে প্রায় আড়াই শতাংশ কমে গেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে দুই শতাংশ। সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে দুই বাজারে।
বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত। নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ রয়েছে। আর রাজনৈতিক অস্থিরতার এ প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারে।
আজকের বাজার পরিস্থিতি নিয়ে মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়, পার্শ্ববর্তী দেশ নেপালের ভয়াবহ ভূমিকম্প ও দেশের রাজনৈতিক অস্থিরতা আজকের দরপতনের অন্যতম কারণ। সিটি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। এ কারণে দরপতন ত্বরান্বিত হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২ দশমিক ৩৩ শতাংশ বা ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,০৯৪ পয়েন্টে। এ দরপতনের কারণে ডিএসইর ডিএসইএক্স সূচক ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। এর আগে ২০১৩ সালের ৫ নভেম্বর ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৪,০৯০ পয়েন্টে। এমনকি ডিএসইতে ডিএসইএক্স সূচক চালুর দ্বিতীয় দিন ২০১৩ সালের ২৮ জানুয়ারি ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৪,০৯০ পয়েন্টে।
অপর স্টক এক্সচেঞ্জে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল ২ শতাংশ বা ২৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২,৬০০ পয়েন্টে।
এর আগে বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক কমেছিল ৬০ পয়েন্ট আর সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছিল ২৩০ পয়েন্ট। আর পাঁচ দিনে ডিএসইএক্স কমেছে ২৭৯ পয়েন্ট।
ডিএসইতে আজ ৩০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৮ টিরই দাম কমেছে। বেড়েছে ৩৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে গতকাল ৩৪১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি টাকা কম। আগের দিন বৃহস্পতিবার ডিএসইতে ৩৭৭ কোটি টাকার লেনদেন হয়।
অন্যদিকে সিএসইতে ২২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮১ টিরই দাম কমেছে। বেড়েছে ২৬ টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে গতকাল প্রায় ৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে নয় কোটি টাকা কম।
ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি। আজ প্রতিষ্ঠানটির ৪৫ কোটি টাকার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এসিআই, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, শাশা ডেনিমস, এসিআই ফর্মুলেশন, সাইফ পাওয়ারটেক, কেপিসিএল, ইফাদ অটোস, শাহজিবাজার পাওয়ার, গ্রামীণফোন প্রভৃতি।