বড় দরপতনের পর ইতিবাচক বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন সোমবারের বড় দরপতনের পর আজ মঙ্গলবার ইতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে দেশের শেয়ারবাজারে। গতকালের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। তবে লেনদেন সামান্য কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, অব্যাহত দরপতনের কারণে সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বিনিয়োগকারীদের ‘মনস্তাত্ত্বিক সীমা’ চার হাজার পয়েন্টের নিচে নেমে যায়। এতে নড়ে চড়ে বসে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার বিকেলে শীর্ষ ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে বিএসইসি। বৈঠকে বাজারের পতন সম্পর্কে তাঁদের কাছে জানতে চাওয়া হয়। তাঁরা পতন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে বিএসইসিকে আশ্বস্ত করেন। বিষয়টি বিনিয়োগকারীদের মধ্যে আশার সৃষ্টি করায় তার ইতিবাচক প্রভাব গতকালের বাজারে দেখা যায়।

বাজার পর্যালোচনা করে মার্চেন্ট ব্যাংক আইডিএলসির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার শীর্ষ ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের সঙ্গে বিএসইসির বৈঠকের পর বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা ‘আস্থা’র সঞ্চার হয়েছে। এ কারণে স্বাভাবিকভাবেই আজ লেনদেনের শুরু থেকে শেয়ার কেনার চাপ ছিল। যার ফলে লেনদেনের শেষ পর্যন্ত ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকালের চেয়ে ১ দশমিক ৩৮ শতাংশ বা ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৪ পয়েন্টে।
অপর স্টক এক্সচেঞ্জে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১ দশমিক ১৫ শতাংশ বা ১৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৩৪৯ পয়েন্টে।
সোমবার ডিএসইএক্স সূচক কমেছিল ৮৭ পয়েন্ট আর সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছিল ২১৭ পয়েন্ট।
ডিএসইতে আজ ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৪ টিরই দাম বেড়েছে। কমেছে ৭০ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে গতকাল ৩২৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা কম। আগের দিন সোমবার ডিএসইতে ৩৩০ কোটি টাকার লেনদেন হয়।

অন্যদিকে সিএসইতে আজ ২২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৮ টিরই দাম বেড়েছে। কমেছে ৫২ টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ২৫ কোটি টাকার লেনদেন হয়েছে।

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি। আজ প্রতিষ্ঠানটির ৩৪ কোটি টাকার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এসিআই ফর্মুলেশন, এসিআই, ইফাদ অটোস, এমজেএল বিডি, সাইফ পাওয়ারটেক, গ্রামীণ ফোন, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, স্কয়ার ফার্মা, আরএকে সিরামিকস প্রভৃতি।