বড় দরপতনের পরদিন গতকাল সোমবার দেশের শেয়ারবাজারে সূচক সামান্য বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১১৮ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৭১ পয়েন্টে।
সূচক বাড়লেও ঢাকার বাজারে লেনদেন আগের দিনের চেয়ে কমে গেছে। তবে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পতন ঠেকাতে গতকাল সকাল থেকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বেশ সক্রিয় ছিল বাজারে। যখন সূচক কমতে শুরু করে, তখনই এসব প্রতিষ্ঠান শেয়ার কিনতে শুরু করে। ফলে সূচকের পতন থামে। এ ক্ষেত্রে এককভাবে বড় সহায়তাটি দিয়েছে রাষ্ট্রায়ত্ত একমাত্র বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
জানতে চাইলে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘গতকালের বাজারে আইসিবি বড় ধরনের সহায়তা দিয়েছে। লেনদেনের শুরু থেকেই আইসিবি বাজারে সক্রিয় ছিল। কারণ এ মুহূর্তে বাজারে বড় ধরনের দরপতনের পেছনে যৌক্তিক কোনো কারণ নেই। কিন্তু তা সত্ত্বেও পতন ঘটছে আর তাতে সাধারণ বিনিয়োগকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থায় সাধারণ বিনিয়োগকারীরা যাতে পতনের কারণে আরও বেশি ভীত হয়ে না পড়েন, সে জন্য আইসিবি নিজেদের সাধ্য অনুযায়ী বাজারে সহায়তা অব্যাহত রেখেছে।’
গত রোববারের বড় ধরনের দরপতনে ঢাকার বাজারের প্রধান সূচকটি প্রায় ১০০ পয়েন্ট বা আড়াই শতাংশ কমে যায়। এর ফলে সূচকের অবস্থান ২ বছর আগের অবস্থায় নেমে যায়। ২০১৩ সালের নভেম্বরে সূচকের অবস্থান চার হাজারের কাছাকাছি ছিল। গতকাল লেনদেনের শুরু থেকে বেশ কয়েক দফা সূচক ওঠানামা করে। যদিও দিন শেষে সূচক বেড়েই লেনদেন শেষ হয়।
ঢাকার বাজারে সোমবার ৩০৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪০টিরই দাম কমেছে, বেড়েছে ১৩৪টির আর অপরিবর্তিত ছিল ৩৪টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ১৯ কোটি টাকা কমে দাঁড়িয়েছে প্রায় ৩২৩ কোটি টাকা।
চট্টগ্রামের বাজারে গতকাল ২১৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৯৯টিরই দাম কমেছে, বেড়েছে ৯৩টির আর অপরিবর্তিত ছিল ২৪টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে নয় কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪২ কোটি টাকা।
বিএসআরএমের লেনদেন শুরু: এদিকে শেয়ারবাজারে গতকাল থেকে বিএসআরএম লিমিটেডের লেনদেন শুরু হয়েছে। নতুন তালিকাভুক্ত প্রকৌশল খাতের এ কোম্পানিটিকে ‘এন’ শ্রেণিভুক্ত করা হয়েছে।
লেনদেনের প্রথম দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিএসআরএমের ৩৫ টাকার শেয়ারের দাম উঠেছে ৭৯ টাকায়। অর্থাৎ প্রথম দিনে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১২৬ শতাংশ বা ৪৪ টাকা বেড়েছে।
প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে কোম্পানিটির প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে শেয়ার বিক্রি করা হয় ৩৫ টাকায়। আইপিওতে কোম্পানিটি ১ কোটি ৭৫ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে মোট ৬১ কোটি ২৫ লাখ টাকা সংগ্রহ করেছে।
দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বিএসআরএমের আরেকটি প্রতিষ্ঠান বিএসআরএম স্টিল আগেই শেয়ারবাজারে তালিকাভুক্ত ছিল। গতকাল থেকে মূল বিএসআরএম শেয়ারবাজারে যুক্ত হয়। ডিএসইতে এদিন মোট লেনদেনের প্রায় ১৪ শতাংশই ছিল নতুন তালিকাভুক্ত কোম্পানিটির। এদিন ডিএসইতে এককভাবে কোম্পানিটির প্রায় ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।