বড় মূলধনি কোম্পানির দরপতনে কমেছে সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বোচ্চ অবস্থানে ওঠার পর গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে মূল্যসূচক কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট কমেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি কমেছে ৭৯ পয়েন্ট। পাশাপাশি দুই বাজারে গতকাল দিন শেষে লেনদেনও কমেছে।
গত বুধবার ঢাকার বাজারে প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে সর্বোচ্চ ৫ হাজার ৭৮৩ পয়েন্টে ওঠে। ২০১৩ সালের জানুয়ারি চালু হওয়ার পর এটিই ছিল ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ অবস্থান। সেখান থেকে গতকাল আবারও সেটি কমে ৫ হাজার ৭৫০ পয়েন্টে নেমে এসেছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, সূচক সর্বোচ্চ অবস্থানে পৌঁছে যাওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের একটি অংশের মধ্যে একধরনের মনস্তাত্ত্বিক ভীতি তৈরি হয়। ফলে অনেকে এদিন শেয়ার বিক্রি করে দেন। পাশাপাশি কয়েক দিনের টানা মূল্যবৃদ্ধির কারণেও বিনিয়োগকারীদের একটি অংশের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা তৈরি হয়। দুইয়ে মিলে বিক্রির চাপটা বেড়ে যায়। ফলে দরপতন ঘটে শেয়ারের। যার নেতিবাচক প্রভাব গিয়ে পড়ে সূচক ও লেনদেনে।
গত কয়েক দিনে বাজারের সূচক বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলেছিল তালিকাভুক্ত বড় মূলধনি কোম্পানিগুলো। গতকালের পতনের পেছনেও ছিল এসব কোম্পানির নেতিবাচক প্রভাব।
১ হাজার ৩৫০ কোটি টাকা মূলধনের কোম্পানি গ্রামীণফোনের প্রতিটি শেয়ারের দাম গতকাল এক দিনেই ১৪ টাকা ৫০ পয়সা বা প্রায় ৪ শতাংশ কমেছে। ১ হাজার ১৬১ কোটি টাকার মূলধনের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্টের প্রতিটি শেয়ারের দাম এদিন দেড় শতাংশ বা ১ টাকা কমেছে। অন্যদিকে লেনদেন হওয়া ৩০ ব্যাংকের মধ্যে ২৪টিরই দাম কমেছে গতকাল। সূচকে এসব বড় মূলধনের কোম্পানিগুলোর প্রভাব বেশি।
এদিকে বড় মূলধনি কোম্পানির শেয়ারের দরপতনের দিনে স্বল্প মূলধনি কোম্পানিগুলো মূল্যবৃদ্ধির শীর্ষে উঠে আসে। গতকাল ঢাকার বাজারে মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে প্রথম ও দ্বিতীয় অবস্থানে ছিল ফু-ওয়াং ফুড ও ইনটেক। ৯২ কোটি টাকা মূলধনের ফু-ওয়াং ফুডের প্রতিটি শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা এবং ইনটেকের দাম ১ টাকা বা ৬ শতাংশ বেড়েছে।
দিন শেষে গতকাল ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে
১৬০ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৬৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৬ কোটি
টাকা কম।