বড় মূলধনি কোম্পানির দাপটে সূচকের বড় উল্লম্ফন
গত কয়েক দিনের লেনদেনের ঊর্ধ্বগতির ধারাবাহিকতায় গতকাল সোমবার শেয়ারবাজারে সূচকের বড় উল্লম্ফন ঘটেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন সোয়া ১ শতাংশ বা ৭২ পয়েন্ট বেড়েছে। পাশাপাশি লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটিও বেড়েছে সোয়া ১ শতাংশ বা ২২১ পয়েন্ট। তবে চট্টগ্রামের বাজারে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। দুই বাজারে সূচকের বড় ধরনের উত্থানের পেছনে বড় ভূমিকা ছিল বড় মূলধনি কোম্পানির শেয়ার।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদের ছুটির আগে থেকেই বাজারে একটু একটু করে লেনদেন বাড়ছিল। তারই ধারাবাহিকতা ঈদের ছুটির পরও অব্যাহত থাকায় নিষ্ক্রিয় অনেক বিনিয়োগকারী সক্রিয় হয়ে ওঠেন। ফলে বাজারে শেয়ারের চাহিদাও বাড়ে। তাতে শেয়ারের দর বাড়ার পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে।
দুই বাজারে গতকাল সূচকের বড় উল্লম্ফনটা ঘটেছে মূলত বড় মূলধনি কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির কারণে। সূচকে প্রভাব ফেলে এ রকম বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম এদিন কয়েক শতাংশ করে বেড়েছে। বিশেষ করে তালিকাভুক্ত ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সিংহভাগেরই শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি বড় মূলধনের কোম্পানি গ্রামীণফোনের প্রতিটি শেয়ারের দাম এদিন সাড়ে ৮ টাকা বা প্রায় আড়াই শতাংশ বেড়েছে। ১ হাজার ৩৫০ কোটি টাকার বেশি মূলধনের কোম্পানি গ্রামীণফোনের শেয়ারের মূল্যবৃদ্ধি ডিএসইর সূচকে বড় ধরনের প্রভাব ফেলে।
ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া ৩০ ব্যাংকের মধ্যে ২৮টিরই দাম বেড়েছে। টাকার অঙ্কে গতকাল সর্বোচ্চ দাম বেড়েছে ব্র্যাক ব্যাংকের। ৮৫৫ কোটি টাকার বেশি মূলধনের এই কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম গতকাল ৫ টাকা ৪০ পয়সা বেড়েছে।
শতাংশের হিসাবে সর্বোচ্চ দর বেড়েছে রূপালী ব্যাংকের। প্রায় ৩০৪ কোটি টাকা মূলধনের এই ব্যাংকটির প্রতিটি শেয়ারের দাম গতকাল ৩ টাকা বা প্রায় ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৫০ পয়সায়। ফলে এদিন ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে প্রথম অবস্থানে ছিল ব্যাংকটি। জুন শেষে ভালো পরিচালন মুনাফার খবরে রূপালী ব্যাংকের শেয়ারের দাম গত দুই দিনে ২০ শতাংশ বেড়েছে।
লেনদেনে দিন শেষে ঢাকার বাজারে শীর্ষে জায়গা করে নেয় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফিন্যান্স। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ৩৩ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। যদিও দিন শেষে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৪০ পয়সা।
লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল রিজেন্ট টেক্সটাইল। ডিএসইতে গতকাল কোম্পানিটির প্রায় সাড়ে ৩২ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। বেশ কিছুদিন লংকাবাংলা ও রিজেন্ট টেক্সটাইল লেনদেনের শীর্ষ পর্যায়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৯১ কোটি টাকা বেশি। গত তিন মাসের ব্যবধানে গতকালই ঢাকার বাজারে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ গত ৫ এপ্রিল ১ হাজার ১১৫ কোটি টাকার লেনদেন হয়েছিল। পাশাপাশি ডিএসইর সূচক আবারও ৫ হাজার ৭০০ পয়েন্ট ছাড়িয়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছে।
চট্টগ্রামের বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৫৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকা কম।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদন অনুযায়ী, জুনের আর্থিক বছর শেষে লভ্যাংশ ঘোষণা এবং অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশের প্রত্যাশা থেকে বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হয়েছেন। গতকালের বাজারে ছিল বড় মূলধনি কোম্পানির দাপট। লেনদেনে আধিপত্য বিস্তার করেছে বস্ত্র খাত। ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ১৭ শতাংশ ছিল এই খাতের দখলে।