বন্ড ছেড়ে এক হাজার কোটি টাকা সংগ্রহ করবে চার ব্যাংক
বেসরকারি খাতের চার ব্যাংককে এক হাজার কোটি টাকার মূলধন সংগ্রহের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংক চারটি হলো প্রাইম, যমুনা, ব্যাংক এশিয়া ও ইস্টার্ন ব্যাংক। সাত বছর মেয়াদি বন্ড ছেড়ে ব্যাংক চারটি আলাদাভাবে এক হাজার কোটি টাকা সংগ্রহ করে তা দিয়ে মূলধন চাহিদা পূরণ করবে বলে বিএসইসি জানিয়েছে।
বিএসইসির গত বুধবারের সভায় ব্যাংকগুলোকে বন্ড ছাড়ার এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে ওই দিনই বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, প্রাইম ব্যাংক সাত বছর মেয়াদি অরূপান্তরযোগ্য বন্ড ছেড়ে ২৫০ কোটি টাকা সংগ্রহ করবে।
বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য বা ফেসভ্যালু ১০ লাখ টাকা।
যমুনা ব্যাংক অরূপান্তরযোগ্য বন্ড ছেড়ে ২০০ কোটি টাকা সংগ্রহ করবে। এটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ঠিক করা হয়েছে এক কোটি টাকা। ব্যাংক এশিয়াও অরূপান্তরযোগ্য বন্ড ছেড়ে ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে। ব্যাংকটির বন্ডের প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ঠিক করা হয়েছে এক লাখ টাকা। একই পন্থায় ২৫০ কোটি টাকা সংগ্রহ করবে ইস্টার্ন ব্যাংক। ব্যাংকটির প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ঠিক করা হয়েছে ১০ লাখ টাকা।
বিএসইসি জানিয়েছে, স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, মিউচুয়াল ফান্ড, করপোরেট প্রতিষ্ঠান ও অন্যান্য বৈধ বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড বিক্রি করা হবে। সাত বছরের মেয়াদ শেষে প্রতিটি বন্ডের অবলুপ্তি ঘটবে। মূলধনকাঠামো শক্তিশালী করতে এ খাতের জন্য বাংলাদেশ ব্যাংক যে মূলধনকাঠামো নির্ধারণ করেছে, তা পূরণ করতেই পুঁজিবাজারের মাধ্যমে এ অর্থ সংগ্রহ করা হচ্ছে।