বন্ধের আগে শেষ দিনে সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যসূচক ও লেনদেনে ঊর্ধ্বগতির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। ঈদের ছুটির আগে এটিই ছিল শেয়ারবাজারে সর্বশেষ লেনদেন। ঈদ উপলক্ষে আজ বুধবার থেকে শেয়ারবাজারে টানা ছয় দিন লেনদেন বন্ধ থাকবে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৫৬ পয়েন্ট। গত চার মাসের ব্যবধানে এটিই ডিএসইএক্সের সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ গত ৫ মার্চ ডিএসইএক্স ৪ হাজার ৬৬৫ পয়েন্টে ছিল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি এদিন ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৩ পয়েন্টে।
সূচকের পাশাপাশি দুই বাজারে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। এর মধ্যে এক কার্যদিবসের ব্যবধানে ঢাকার বাজারে গতকাল লেনদেন আবারও ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদের আগে শেষ লেনদেন দিবস বলে গতকাল বাজারে শেয়ার বিক্রির চাপ ছিল খুব কম। কারণ, শেয়ার বিক্রি করে ঈদের আগে আর বাজার থেকে টাকা তোলা সম্ভব নয়। সে জন্য অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করেননি। নিয়ম অনুযায়ী, বর্তমানে শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তি হতে ন্যূনতম তিন দিন সময় লাগে। আবার বিনিয়োগকারীদের একটি অংশ ঈদ-পরবর্তী মুনাফার আশায় শেয়ার কিনে রেখেছে। ফলে দিন শেষে বাজারে সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে।
ঢাকার বাজারে গতকাল ৩১৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় শেয়ারের দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ৮৫টির আর অপরিবর্তিত ছিল ৪৯টি কোম্পানির। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫২১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৭ কোটি টাকা কম। এর আগে সর্বশেষ গত রোববার ডিএসইতে লেনদেন ৫৫০ কোটি টাকা ছাড়িয়েছিল।
চট্টগ্রামের বাজারে এদিন ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে শেয়ারের দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৭৭টির আর অপরিবর্তিত ছিল ৩১টি কোম্পানির। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।
লেনদেন শুরু হবে ২১ জুলাই: ঈদের ছুটি শেষে দেশের দুই স্টক এক্সচেঞ্জে আবার লেনদেন শুরু হবে ২১ জুলাই। ওই দিন থেকেই উভয় বাজারে আবার টানা চার ঘণ্টা লেনদেন হবে। পবিত্র রমজানের কারণে পুরো মাসজুড়ে লেনদেনের সময়সীমা এক ঘণ্টা কমিয়ে বেলা দেড়টা পর্যন্ত করা হয়। ঈদের পর তা আবারও সকাল সাড়ে দশটা থেকে বেলা আড়াইটার সময়সীমায় ফিরে যাবে।
মূল বাজারে ফিরছে শাহজীবাজার পাওয়ার: বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি শাহজীবাজার পাওয়ারকে স্পট থেকে সরিয়ে মূল বাজারের লেনদেনে ফিরিয়ে আনা হচ্ছে। গতকাল মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারসাজির ঘটনায় গত বছরের নভেম্বরে বিএসইসি কোম্পানিটিকে মূল বাজার থেকে স্পট মার্কেটে স্থানান্তর করে। একই সঙ্গে এটির শেয়ারের বিপরীতে ঋণসুবিধা প্রদানও বন্ধ করে দেওয়া হয়। তবে স্পট থেকে কোম্পানিটিকে মূল বাজারে ফিরিয়ে আনা হলেও এটির শেয়ারের বিপরীতে ঋণসুবিধা এখনো বন্ধ থাকবে বলে জানিয়েছে বিএসইসি।