বাংলা নতুন বছরের শুভ সূচনা হয়েছে দেশের শেয়ারবাজারে। ১৪২২ সনের প্রথম কার্যদিবসে গতকাল বুধবার দুই স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বেড়েছে। ঢাকার স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন চলতি (ইংরেজি) বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। সূচক বেড়েছে প্রায় দেড় শতাংশ বা ৬৯ পয়েন্ট।
ডিএসইতে গতকাল দিনশেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৭০ কোটি টাকা। চলতি বছরের মধ্যে তো বটেই, গত বছরের ৪ ডিসেম্বরের পর এটিই এখন পর্যন্ত ডিএসইর সর্বোচ্চ লেনদেন। সর্বশেষ গত ৪ ডিসেম্বর ঢাকার বাজারে সর্বোচ্চ ৫১৩ কোটি টাকার লেনদেন হয়েছিল।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি বুধবার ১ দশমিক ৩ শতাংশ বা ১৭২ পয়েন্ট বেড়েছে।
পয়লা বৈশাখ উপলক্ষে গত মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। সেই কারণে নতুন বাংলা বছর শুরু হওয়ার পর গতকালই ছিল প্রথম কার্যদিবস। বেশ কিছুদিন ধরে বাজারে দরপতন চলছিল। এর ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমতে কমতে গত সোমবার দিনশেষে নেমে আসে প্রায় ৪২৯২ পয়েন্টে। গতকাল দিনশেষে ওই সূচক বেড়ে দাঁড়িয়েছে ৪৩৬০ পয়েন্টে।
ঢাকার বাজারে বুধবার ৩০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২৪৩টিরই দাম বেড়েছে, কমেছে ৪৩টির আর অপরিবর্তিত ছিল ১৭টির দাম। লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৫৮ কোটি টাকা বেড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্চেন্ট ব্যাংকার জানান, বেশ কিছুদিন ধরে দরপতনের ফলে বাজারে অনেক কোম্পানির শেয়ারের দাম বেশ নিচে নেমে গিয়েছিল। এ অবস্থায় হয়তো প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ের অনেক বিনিয়োগকারী বিনিয়োগে সক্রিয় হয়েছেন। এর ফলে লেনদেন বেড়েছে। তবে বাজারের এ ইতিবাচক ধারা অব্যাহত থাকবে কি না তা এখন নিশ্চিত করে বলা সম্ভব না।
এদিকে চট্টগ্রামের বাজারে বুধবার সার্বিক মূল্যসূচক ১৭২ পয়েন্ট বা ১ দশমিক ৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৩৮২ পয়েন্টে। এদিন সিএসইতে ২৩২ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৮টির দাম বেড়েছে, কমেছে ৪৪টির আর অপরিবর্তিত ছিল ১০টির দাম।
দিনশেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৪৩ লাখ টাকা বেশি।