বাজার সৃষ্টিকারী বিধিমালা যুগোপযোগী করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজ বা শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দরপতন ঠেকাতে বাজার সৃষ্টিকারী বিধিমালা যুগোপযোগী করা হচ্ছে। ২০০০ সালের এ-সংক্রান্ত বিধিমালাটি পরিবর্তন করে নতুন বিধিমালার খসড়া অনুমোদন করা হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত মঙ্গলবার এক সভায় খসড়াটি অনুমোদন করেছে। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটির নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানান, সংশোধিত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বাজার সৃষ্টিকারী) বিধিমালা-২০১৬ খসড়াটি শিগগিরই জনমত জরিপের জন্য প্রকাশ করা হবে।
এর আগেও এ নামে একটি বিধিমালা ছিল। সাইফুর রহমান জানিয়েছেন, আগের সেই বিধিমালার আওতায় কোনো প্রতিষ্ঠান সনদ নেয়নি। যে কারণে বিধিমালা থাকলেও সেটির আওতায় বাজার সৃষ্টিকারী কোনো প্রতিষ্ঠান ছিল না।
বিএসইসি সূত্রে জানা গেছে, সময়ের প্রয়োজনে বিধিমালাটিকে যুগোপযোগী করা হয়েছে। ইটিএফ নামে লেনদেনযোগ্য নতুন একটি তহবিল চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। ইটিএফের সঙ্গে বাজার সৃষ্টিকারী প্রতিষ্ঠানের সংযুক্তি নিশ্চিত করতে বিধিমালাটিতে পরিবর্তন আনা হয়। এতে বাজার সৃষ্টিকারী প্রতিষ্ঠানের জন্য কিছু প্রণোদনারও ব্যবস্থা রাখা হয়েছে; যাতে বিধিমালাটির আওতায় বাজার সৃষ্টিকারী হিসেবে সনদ নিতে আগ্রহী হয় প্রতিষ্ঠানগুলো।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বাজার সৃষ্টিকারী) বিধিমালা-২০০০ নামে পুরোনো যে বিধিমালাটি রয়েছে, সেখানে বাজার সৃষ্টিকারী সম্পর্কে বলা হয়েছে, বাজার সৃষ্টির অর্থ কোনো অনুমোদিত সিকিউরিটির তারল্য ও উপযুক্ত মূল্য নিশ্চিত করতে ক্রয় ও বিক্রির জন্য ক্রমাগতভাবে উভয় দর উল্লেখ করা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাধারণত সিকিউরিটিজের দামের অস্বাভাবিক উত্থান-পতন নিয়ন্ত্রণ করতেই বাজার সৃষ্টিকারী প্রতিষ্ঠানগুলো মুখ্য ভূমিকা পালন করে থাকে।
বিএসইসির মঙ্গলবারের সভায় ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড নামে ২০০ কোটি টাকার নতুন একটি মেয়াদি মিউচুয়াল ফান্ডের বিবরণীপত্র অনুমোদন করা হয়েছে। পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত সিনহা সিকিউরিটিজকে আইন লঙ্ঘনের দায়ে ১০ লাখ টাকা জরিমানাসহ আরও বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে।
বিএসইসি জানিয়েছে, ২০০ কোটি টাকার নতুন ফান্ডটির মধ্যে ৪০ কোটি টাকা জোগান দেবে উদ্যোক্তারা। ফান্ডটির উদ্যোক্তা প্রতিষ্ঠান হচ্ছে রূপালী ব্যাংক। এ ছাড়া বাকি অর্থের মধ্যে ৬৫ কোটি টাকা ইতিমধ্যে প্রি-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। অবশিষ্ট ৯৫ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসি জানিয়েছে, ফান্ডটির মেয়াদ হবে ১০ বছর। এটির সম্পদ ব্যবস্থাপকের দায়িত্বে থাকবে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট।