বাজারে এখনো যোগসাজশ আছে, লুটপাট তো আছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের শেয়ারবাজারের সার্বিক দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এবং ইকোনমিক রিসার্চ গ্রুপের (ইআরজি) গবেষণা পরিচালক মোহাম্মদ হেলাল
মোহাম্মদ হেলাল
মোহাম্মদ হেলাল

প্রথম আলো: প্রস্তাবিত বাজেটে অনেক নীতি-সহায়তা দেওয়ার পরও পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের তো আস্থা বাড়ছে না।
মোহাম্মদ হেলাল: এ ব্যাপারে কথা বলতে গেলে পাঁচ-ছয় বছর আগে ফিরে যেতে হবে। ২০০৯-১০ সালে বাজারে বুদ্বুদ হয়েছিল। বাজার তখন যে জায়গায় উঠেছিল, পতন ছিল অবশ্যম্ভাবী। ওই সময় কার কী ভূমিকা ছিল, কমবেশি সবারই জানা। এরপর আইনকানুন সংশোধন হয়েছে। ডিমিউচুয়ালাইজেশন হয়েছে। প্রশ্ন হচ্ছে, এগুলো কতটা কার্যকর হয়েছে। যেমন ধরুন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর্ষদ গঠন। এতে স্বতন্ত্র পরিচালকদের যোগ্যতার মাপকাঠি করা হয়েছে সর্বশেষ তিনি যে দায়িত্বে ছিলেন, তার তিন বছর পার হওয়ার পর। অর্থাৎ কেউ স্বতন্ত্র পরিচালক হচ্ছেন কাজ করার জন্য তিনি অক্ষম (ইনভেলিড) হওয়ার পর।
প্রথম আলো: এটা তো করা হয়েছে স্বার্থের সংঘাত এড়ানোর জন্য।
মোহাম্মদ হেলাল: তাই যদি হয়, তাহলে সব ক্ষেত্রেই একই ধরনের নিয়ম করা উচিত। সরকারি প্রতিষ্ঠানেও তা অনুসরণ করা উচিত। সোনালী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের কথা যদি ধরি, এক বছর আগেও তিনি অর্থসচিব ছিলেন। কেন্দ্রীয় ব্যাংক থেকেও কেউ কেউ বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্বে গিয়ে বসছেন।
প্রথম আলো: বিনিয়োগকারীদের আস্থা ফিরছে না কেন? বাজারে কি এমন কোনো সংঘবদ্ধ দল কাজ করছে, যারা ভেতর থেকে নিজেদের স্বার্থে কলকাঠি নাড়াচ্ছে?
মোহাম্মদ হেলাল: অবশ্যই একটা গোষ্ঠী কলকাঠি নাড়াচ্ছে। আস্থা কীভাবে আসবে? হুটহাট বাজারের চেহারা অস্বাভাবিক বদলে যায়। প্রায়ই দেখা যায়, হঠাৎ বড় পতন বা হঠাৎ বড় উল্লম্ফন। বিনিয়োগকারীরা তখন ভয় পেয়ে যান। বিনিয়োগ করলে কোনো লাভ নেই—এই যদি থাকে বিনিয়োগকারীদের আশঙ্কা, তাঁরা তো পিছিয়ে থাকবেনই।
প্রথম আলো: অথচ অর্থমন্ত্রী বেশ কয়েকবার এমন মন্তব্য করেছেন যে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বর্তমানে ভালো কাজ করছে। অর্থমন্ত্রীর এমন কথার সনদ সংস্থার দায়িত্বশীল ব্যক্তিদের দুর্নীতিগ্রস্ত তুলতে পারে না?
মোহাম্মদ হেলাল: অর্থমন্ত্রীর এমন বক্তব্য কমিশনের শীর্ষ ব্যক্তিদের দুর্নীতিতে প্ররোচিত করতে পারে কি পারে না, তা বলা মুশকিল। তবে তাঁর বক্তব্যের সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। বাজারে এখন শেয়ারের চাহিদা কম। অথচ বিএসইসি দেদার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করছে। আমি মনে করি, এই সময়ে কোনো কোম্পানিকে প্রণোদনা দিয়ে আনার দরকার নেই। আবার যেগুলো অনুমোদন পাচ্ছে, এগুলোর গুণগত মান নিয়েও প্রশ্ন রয়েছে।
দেখুন, পাঁচ বছর আগে বাজার অতিমূল্যায়িত ছিল। কিন্তু তখনকার তিন হাজার কোটি টাকার দৈনিক গড় লেনদেন এখন ৩০০ কোটি টাকাও হবে না! আবার কোনো কোনো দিন লেনদেন হাজার কোটি টাকাও ছাড়িয়ে যাচ্ছে। তার মানে কী? মানে হলো, বিনিয়োগকারীদের হাতে টাকা থাকলেও তাঁরা বিনিয়োগে পিছিয়ে থাকছেন।
প্রথম আলো: কেন পিছিয়ে থাকছেন? মানুষ তো বিনিয়োগ করতেই চায়।
মোহাম্মদ হেলাল: মোটা দাগে কারণ একটাই—আস্থাহীনতা। আস্থাহীনতার একটা বড় দায় বিএসইসির ঘাড়েও পড়ে। সংস্থাটির কাঠামোগত কিছু দুর্বলতা আছে। নজরদারি ব্যবস্থার দুর্বলতা তো আছেই। ফলে চেয়ে চেয়ে দেখছে। কিছু করছে না, বা করতে পারছে না। এক-দুই মাসে শেয়ারমূল্য দ্বিগুণ হয়ে যাচ্ছে, বিএসইসি নীরব দর্শক। এবার বাজেট পেশের আগে অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকেরা বাজারের নীতি-সহায়তা নিয়ে ভালো ভালো কথা বলেছেন। কিন্তু এসব কথা কাজে দেয়নি।

আমাদের বিনিয়োগকারীদের চরিত্রের বড় দিক হচ্ছে তাঁরা অস্বাভাবিক মুনাফাপ্রত্যাশী। এই প্রবণতা তাঁদেরই ধ্বংস ডেকে আনে। কারণ ভালো শেয়ারের বদলে তাঁরা খারাপ শেয়ার বেশি কিনছেন। এমন নয় যে বাজারে ভালো শেয়ারের অভাব রয়েছে

প্রথম আলো: বিনিয়োগকারীদের চরিত্র কি বদলেছে?
মোহাম্মদ হেলাল: কিছুটা উন্নতি হয়েছে। এখন আর পান-দোকানদার শ্রেণির বিনিয়োগকারীদের খুব একটা দেখা যায় না। তাঁরা সবকিছু খুইয়েছে তো, তাই কিছুটা শিক্ষা হয়েছে। তবে আমাদের বিনিয়োগকারীদের চরিত্রের বড় দিক হচ্ছে তাঁরা অস্বাভাবিক মুনাফাপ্রত্যাশী। এই প্রবণতা তাঁদেরই ধ্বংস ডেকে আনে। কারণ ভালো শেয়ারের বদলে তাঁরা খারাপ শেয়ার বেশি কিনছেন। এমন নয় যে বাজারে ভালো শেয়ারের অভাব রয়েছে।
প্রথম আলো: খারাপ শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক বেশি কেন?
মোহাম্মদ হেলাল: কারণ, তুলনামূলক খারাপ শেয়ারের পরিশোধিত মূলধন কম। এগুলো নিয়ে কারসাজি করাও সহজ। বিএসইসি যে চেয়ে চেয়ে দেখছে বললাম, সেটা হচ্ছে, কয়েকজন ব্যক্তি একটি শেয়ারকে টেনে টেনে তুলছে এবং মানুষ তাতে হুমড়ি খেয়ে পড়ছে। আমার প্রশ্ন হচ্ছে, বিসএইসি তখন কী করছে? ধরে নিলাম, আইন অনুযায়ী এখনই তাঁদের কিছু করা যাবে না। কিন্তু আইন সংশোধনের উদ্যোগ কি বিএসইসি নিয়েছে?
প্রথম আলো: ব্রোকার হাউসগুলোর অবস্থা কী?
মোহাম্মদ হেলাল: এদের কষ্ট করে টিকে থাকতে হচ্ছে। ফলে এক শ্রেণির ব্রোকার হাউস বিনিয়োগকারীদের প্ররোচনা দিচ্ছে, এটা কিনুন, ওটা বিক্রি করুন। অর্থাৎ যত বেশি কেনা-বেচা, তত বেশি কমিশন। এগুলো করে করে এরা টিকে আছে।
প্রথম আলো: আপনি যে বললেন, শেয়ারের চাহিদা কম, কিন্তু বাজারের গভীরতার জন্য শেয়ারের সরবরাহও কি বাড়ানোর দরকার নয়?
মোহাম্মদ হেলাল: তা দরকার বৈকি। আমি বলছি না যে, একেবারেই আইপিও অনুমোদন দেওয়া যাবে না। বেছে বেছে দিতে হবে। প্রিমিয়াম, শেয়ারের শ্রেণি এবং লভ্যাংশ নিয়েও প্রশ্ন আছে। ভালো কোম্পানি হলে ভালো প্রিমিয়াম নিয়েই বাজারে আসবে। আসছেও। কিন্তু লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে কোম্পানিগুলোর ভালোত্বের কোনো প্রতিফলন থাকে না। অনেকে ভালো মুনাফা করছে, কিন্তু লভ্যাংশ দিচ্ছে না। এটা একধরনের প্রতারণা।
আবার প্রিমিয়ামের মাধ্যমে বাজার থেকে টাকা বেরিয়ে যায়, যা সেকেন্ডারি বাজারকে আঘাত করে। আমি মনে করি, যারা যত ভালো কোম্পানি বলে দাবি করবে, শেয়ারের শ্রেণি পরিবর্তনে তাদের জন্য কিছু শর্তও আরোপ করতে হবে। আবার ১০ শতাংশ লভ্যাংশ দিলেই ‘এ’ শ্রেণির শেয়ার—এ ধারণা থেকেও বেরিয়ে আসতে হবে।
প্রথম আলো: আইপিওর মাধ্যমে টাকা তুলে অনেক কোম্পানি ব্যাংকঋণ পরিশোধ করছে এবং বিএসইসি এগুলোকে অনুমোদন করছে। বিষয়টি কীভাবে দেখছেন?
মোহাম্মদ হেলাল: আমি এর শতভাগ বিরোধী। যেমন একটি কোম্পানি ১০০ কোটি টাকা ব্যাংকঋণ নিয়ে যাত্রা শুরু করল। কিন্তু কয়েক বছর পর দেখল, ব্যাংকের টাকা পরিশোধ করাই মুশকিল। কোম্পানিটি তখন কৌশলের আশ্রয় নেয়। আর তা হচ্ছে ব্যাংকের মামলা থেকে রক্ষা পাওয়ার কৌশল। কোম্পানিটি তখন আইপিওতে আসে। জনগণের কাছ থেকে টাকা তুলে কোম্পানিটি তখন ব্যাংকের টাকা পরিশোধ করে দেয়। আর কোম্পানির ব্যাংকঋণের টাকাটা শেষ পর্যন্ত গিয়ে পড়ে শেয়ারধারীদের ঘাড়ে।
প্রথম আলো: বলা হয়, বুদ্ধিমানদের বিনিয়োগের জন্য শেয়ারবাজার সব সময়ই ইতিবাচক খাত।
মোহাম্মদ হেলাল: অবশ্যই। আমি বলব, এই যে অস্থির বাজার, তা থেকেও মুনাফা বের করা সম্ভব। কিন্তু এক শ্রেণির বিনিয়োগকারী টাকা ফেলে রাখার কৌশলটা জানেন না। তাঁরা ধৈর্য ধরতে পারেন না। মাসে এক থেকে দুবার বড় ধরনের পতনের দিন আসে। ওই দিনটিই তো বিনিয়োগের দিন। অবশ্য এও ঠিক, দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে, এই বাজার এখনো মৌল ভিত্তির মাধ্যমে চলছে না। এই বাজারে এখনো যোগসাজশ আছে। আছে খেলা আর খেলা। আর লুটপাট তো আছেই।
প্রথম আলো: আপনার সর্বশেষ পরামর্শ কী?
মোহাম্মদ হেলাল: বিনিয়োগকারীরা বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে কোম্পানিটির সার্বিক দিক বিশ্লেষণ করবেন—এটা আমার প্রথম পরামর্শ। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি আরও বলিষ্ঠ হবে, এটা আমার চাওয়া। আর অর্থমন্ত্রী যেন পারতপক্ষে বাজার নিয়ে কোনো কথা না বলেন। ‘শেয়ারবাজার নিয়ে আমি কথা বলব না’—এটাও যাতে না বলেন অর্থমন্ত্রী।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
মোহাম্মদ হেলাল: প্রথম আলোকেও ধন্যবাদ।

সাক্ষাৎকার নিয়েছেন ফখরুল ইসলাম