বাজারের জন্য তহবিল চেয়েছে ব্রোকাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারকে আরও গতিশীল করতে সরকারের কাছে এবার ছয় হাজার কোটি টাকার তহবিল চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। ‘বাজার স্থিতিশীলতা তহবিল’ নামে একটি তহবিল গঠনেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
সচিবালয়ে গতকাল বুধবার ডিবিএর নতুন কমিটির একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য বৈঠক করে এসব দাবি জানায়। কমিটির সভাপতি আহমেদ রশীদের নেতৃত্বাধীন দলে জ্যেষ্ঠ সহসভাপতি মোশতাক আহমেদ, সহসভাপতি খুজিস্তা নূর-ই-নাহারীন, পরিচালক আবদুল হক, জহিরুল ইসলাম, শরিফ আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘ছয় হাজার কোটি টাকার তহবিলের বিষয়ে সরাসরি কোনো টাকা দেব না। তবে স্থিতিশীলতা তহবিলের বিষয়টি যাচাই করে দেখা যেতে পারে।’
ডিবিএর আগে গত সেপ্টেম্বরে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকারস অ্যাসোসিয়েশনও (বিএমবিএ) অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ছয় হাজার কোটি টাকার বিশেষ তহবিল চেয়েছিল। অর্থমন্ত্রী তখন বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছিলেন বিএমবিএর নেতাদের।
ডিবিএর সভাপতি আহমেদ রশীদ বৈঠকে বলেন, পুঁজিবাজারে এখন ছয় হাজার কোটি টাকার ঋণাত্মক মূলধন (নেগেটিভ ইক্যুইটি)। এই পরিমাণ টাকার তহবিল গঠন করে সেখান থেকে নমনীয় সুদে ঋণ দেওয়া হলে একদিকে বাজার গতি পাবে, অন্যদিকে জবাবদিহিও বাড়বে। অথবা ছয় হাজার কোটি টাকার বন্ড ছাড়ারও অনুমতি দিতে পারে সরকার।
ডিবিএর পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রাহকেরা পুঁজিবাজারে যে টাকা বিনিয়োগ করেছিলেন, শেয়ারের দাম কমতে কমতে তা থেকে প্রায় ছয় হাজার কোটি টাকাই ‘নাই’ হয়ে গেছে। আবার এ বিনিয়োগের বিপরীতেই ঋণ দেওয়া ছিল ব্রোকার হাউসগুলোর। এখন অবস্থা এমন যে, বিনিয়োগকারীর নিজের টাকা তো খোয়া গেছেই, অনেক ক্ষেত্রে ব্রোকার হাউসগুলোর টাকাও নেই।
ডিবিএর শীর্ষ-২০ ব্রোকার হাউস এবং শীর্ষ-২০ শেয়ার ছাড়া (ইস্যুয়ার) কোম্পানিকে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান আহমেদ রশীদ।
ডিবিএ জ্যেষ্ঠ সহসভাপতি মোশতাক আহমেদ বাজার স্থিতিশীলতা তহবিল গঠনের দাবি জানান। তিনি বলেন, পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) দায়িত্ব দিয়ে যে তহবিলটি করা হয়েছিল, তা খুব একটা কাজে দেয়নি।
ডিবিএর সহসভাপতি খুজেস্তা নূর-ই-নাহারীন সরকারি ভালো কোম্পানিকে পুঁজিবাজারে আনার ব্যবস্থা করতে অর্থমন্ত্রীকে অনুরোধ জানান। তিনি বলেন, ‘ডিমিউচুয়ালাইজেশন (মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ) হওয়ার আগে ভয় পাচ্ছিলাম আমাদের কী হবে, আমাদের প্রতিনিধিত্ব কমে যাবে কি না। বাস্তবে তা হয়নি।’
সব শেষে অর্থমন্ত্রী বাজার স্থিতিশীলতা তহবিলের প্রস্তাবটির ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখান। অর্থমন্ত্রী বলেন, ‘খুব ভালো ধারণা। মাঝে মাঝে বাজারের এত দুরবস্থা হয় যে বিনিয়োগকারীরা খুব দ্বিধায় (শাই ফিল) থাকেন। কিন্তু কীভাবে এটি পরিচালনা করা যাবে, তা স্পষ্ট নয়।’ অর্থমন্ত্রী ডিবিএকে এ ব্যাপারে ভালোভাবে প্রস্তাব দিতে বলেন।
সরকারি ভালো কোম্পানির শেয়ার ছাড়া নিয়ে কয়েক দিন আগে একটি বৈঠক হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে কিছু ব্যবস্থা নেব। কাগজপত্র তৈরি হয়েছে।’ শীর্ষ-২০ ব্রোকার ও কোম্পানিকে সম্মাননা জানানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রী বলেন, স্বীকৃতি দেওয়া হলে মানুষ খুশি হয়, ভালো কাজে উৎসাহ বাড়ে।