বাজেটের বড় ধরনের কোনো প্রভাব নেই শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারের সূচকে আগামী ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের খুব একটা ইতিবাচক প্রভাব পড়েনি।
জাতীয় সংসদে গত বৃহস্পতিবার বাজেট উত্থাপন-পরবর্তী প্রথম কার্যদিবসে গতকাল রোববার লেনদেনের শুরুতে দুই বাজারে সূচক বেশ ঊর্ধ্বমুখী থাকলেও শেষ ভাগে এসে গতিটা কমে যায়। দুই বাজারের মধ্যে একটিতে লেনদেনের পরিমাণ বাড়লেও অন্যটিতে কমেছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৬১৮ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৭০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৩৮ পয়েন্টে উন্নীত হয়েছে।
গতকাল লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টার মধ্যেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৭৮ পয়েন্ট পর্যন্ত ওঠে। দিন শেষে অবশ্য তা ৪ হাজার ৬১৮ পয়েন্টে নেমে আসে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী অর্থবছরের বাজেটে শেয়ারবাজারের জন্য কর ছাড়ের একগুচ্ছ প্রণোদনা প্রস্তাব করেন। তাতে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ তালিকাভুক্ত কোম্পানির প্রাতিষ্ঠানিক বা করপোরেট করহার আড়াই শতাংশ কমানো হয়। সেই সঙ্গে ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করার ঘোষণা দেওয়া হয়েছে।
এ ছাড়া কোম্পানি বা অংশীদারি প্রতিষ্ঠান পুঁজিবাজারে বিনিয়োগ করে মুনাফা করলে সেটির ওপর ১০ শতাংশ হারে উৎসে কর কর্তনের বিধানটি তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। এর বাইরে নতুন কোম্পানি শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে পরিশোধিত মূলধনের ২০ শতাংশ শেয়ার ছাড়লে সংশ্লিষ্ট কর-বছরে ওই কোম্পানি ১০ শতাংশ হারে কর রেয়াত সুবিধা পাবে।
অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তব্যে বলেন, ‘গত চার বছরের কার্যক্রমের ফলে পুঁজিবাজার এখন একটি ভালো অবস্থানে পৌঁছেছে। পুঁজিবাজার সম্প্রসারণের লক্ষ্যে আরও কোম্পানিকে আকৃষ্ট করতে চাই।’
দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে বাজেটের দিনই তাৎক্ষণিকভাবে ঘোষিত প্রণোদনাকে ‘পুঁজিবাজারবান্ধব’ বলে অভিহিত করা হয়েছে। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ প্রণোদনাকে শেয়ারবাজারের জন্য ইতিবাচক বলে দাবি করেন।
বৃহস্পতিবার বাজেট ঘোষণার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, যেসব ঘোষণা দেওয়া হয়েছে, তা পুঁজিবাজারের জন্য খুবই ইতিবাচক। এর ফলে পুঁজিবাজারে নতুন করে বিনিয়োগকারী আকৃষ্ট হবেন এবং সাময়িকভাবে বাজারে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
বাজারে গতকাল ইতিবাচক প্রভাব পড়লেও সূচকে তার বড় ধরনের কোনো প্রভাব ছিল না। তবে লেনদেন বেড়েছে। ঢাকার বাজারে এদিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৪৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৪৯ কোটি টাকা বেশি। এদিন ডিএসইতে ৩১২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১১১টির আর অপরিবর্তিত ছিল ৫৩টির।
চট্টগ্রামের বাজারে এদিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৫ কোটি টাকা কম। দিন শেষে সিএসইতে ২৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৯১টির আর অপরিবর্তিত ছিল ৩৪টির।
শেয়ারবাজারে বাজেটের প্রভাব বিষয়ে জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, বাজেটে ভালো কিছু থাকবে, এ প্রত্যাশা থেকে বাজেটের বেশ কিছুদিন আগে থেকে বাজারে অনেক বিনিয়োগকারী সক্রিয় হয়েছেন। বাজেটের আগে সূচকও কিছুটা বেড়েছে। তাই বাজেটের পরপরই বাজারে বড় ধরনের অস্বাভাবিক কোনো উত্থান ঘটেনি। এটি বাজারের জন্য ভালো দিক। বাজেটের প্রভাবে বাজারে অস্বাভাবিক দরবৃদ্ধি ঘটলে সেটির স্থায়িত্ব নিয়েই শঙ্কা তৈরি হতো। এখন বরং সেই শঙ্কা নেই। ধীরে ধীরে বাজারের আরও সামনের দিকে এগোনোর সুযোগ রয়েছে।