বিএটিবির ৫৫০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত রোববার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান গোলাম মইনউদ্দিন।
সভায় ২০১৪ সালে সমাপ্ত আর্থিক বছরের আর্থিক ও পরিচালকদের প্রতিবেদন এবং শেয়ারধারীদের জন্য ঘোষিত লভ্যাংশ অনুমোদন করা হয়। কোম্পানিটি ২০১৪ সালে শেয়ারধারীদের জন্য মোট ৫৫০ শতাংশ বা প্রতিটি শেয়ারের বিপরীতে ৫৫ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ১০০ শতাংশ বা শেয়ারপ্রতি ১০ টাকা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হিসেবে শেয়ারধারীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এর আগের বছর অর্থাৎ ২০১৩ সালে কোম্পানিটি শেয়ারধারীদের মোট ৬২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
সভায় আরও জানানো হয়, ২০১৪ সালে কোম্পানি বেসরকারি খাতের সর্বোচ্চ করদাতা ছিল। ওই বছর এককভাবে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে বিভিন্ন ধরনের কর বাবদ ৯ হাজার ৯৩২ কোটি টাকা দিয়েছে।
বার্ষিক সাধারণ সভায় কোম্পানির পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন কে এইচ মাসুদ সিদ্দিকী, জালাল আহমেদ, মোশাররফ হোসেন, উইলিয়াম পেগেল, মোহাম্মদ ফায়েকুজ্জামান, কামরুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনিম প্রমুখ।