বিএসইসির সঙ্গে ডিএসইর প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে আজ সাক্ষাৎ করে ডিএসইর একটি প্রতিনিধিদল। ছবি: ডিএসইর সৌজন্যে
বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে আজ সাক্ষাৎ করে ডিএসইর একটি প্রতিনিধিদল। ছবি: ডিএসইর সৌজন্যে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার সাক্ষাৎ করেছে। এ সময় দুই পক্ষের মধ্যে প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা হয়।

দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন, কমিশনার মো. হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন, মো. এ সালাম সিকদার ও নির্বাহী পরিচালকেরা উপস্থিত ছিলেন। ডিএসইর চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়ার নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে ডিএসইর চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া বলেন, ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের যেসব প্রস্তাব রয়েছে, তা বাজারের জন্য তথা বিনিয়োগকারীদের জন্য স্বস্তিদায়ক। এসব পদক্ষেপের জন্য তিনি বিএসইসিকে ধন্যবাদ জানান। পরে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা বাজেটে পুঁজিবাজারবান্ধব যেসব প্রস্তাব রাখা হয়েছে, তার বিস্তারিত তুলে ধরেন। তিনি ডিএসইর কর অবকাশ সুবিধাসহ যে সমস্ত বিষয় বাজেটে আসেনি তা কমিশনকে অবহিত করেন। এ ছাড়াও বৈঠকে বর্তমান বাজার পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনা শেষে বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন বলেন, পুঁজিবাজারের স্বার্থে বিএসইসি সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে। তিনি জানান, এরই মধ্যে সিডিবিএলের মাশুল যৌক্তিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে নতুন প্রোডাক্ট এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) বিধিমালা তৈরি করে আগামী বছরের মধ্যে ইটিএফ চালু হবে।

ডিএসইর প্রতিনিধিদলে ছিলেন পরিচালক রুহুল অমিন, ওয়ালিউল ইসলাম, এম কায়কোবাদ, মো. শাকিল রিজভী, খাজা গোলাম রসুল, মোহাম্মদ শাহজাহান ও শরীফ আনোয়ার হোসেন।