বিদেশি ও যৌথ মালিকানার কোম্পানিকে অব্যাহতি
শেয়ারবাজারে তালিকাভুক্তির বাধ্যবাধকতা থেকে শতভাগ বিদেশি ও দেশি-বিদেশি যৌথ মালিকানার কোম্পানিগুলোকে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাৎ বিদেশি ও যৌথ মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারবাজারে আসার কোনো বাধ্যবাধকতা রইল না।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ অব্যাহতি দিয়েছে। পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, এর ফলে ভালো কোম্পানি বাজারে আসার ক্ষেত্রটি সংকুচিত হয়ে গেল।
সূত্র জানায়, ২০১০ সালে বিএসইসি একটি নির্দেশনা জারি করেছিল। তাতে বলা হয়, কোনো কোম্পানির পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা বা তার বেশি হলে ওই কোম্পানিকে অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হতে হবে। আর কোনো কোম্পানির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা বা তার বেশি হলে এবং ওই কোম্পানি তিন বছর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করলে সেই কোম্পানিকে অবশ্যই শেয়ারবাজারে আসতে হবে।
২০১০ সালে জারি করা ওই নির্দেশনাবলে দেশি-বিদেশি বা যৌথ মালিকানার কোনো কোম্পানির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকার বেশি হলেই তাকে শেয়ারবাজারে আসতে হবে। কিন্তু ১১ জুন বিএসইসি আলাদা এক নির্দেশনা জারি করে বিদেশি ও যৌথ মালিকানার কোম্পানিগুলোকে এ আইনি বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়েছে। তবে দেশীয় মালিকানার কোম্পানিগুলোর বেলায় এ বাধ্যবাধকতা বহাল রয়েছে।
বিএসইসি, অর্থ মন্ত্রণালয়সহ শেয়ারবাজার সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের নির্দেশে বিএসইসি এ ধরনের নির্দেশনা জারি করেছে। আইনি বাধ্যবাধকতা থেকে বিদেশি ও যৌথ মালিকানার কোম্পানিগুলোকে অব্যাহতি দিতে অর্থ মন্ত্রণালয় থেকে বিএসইসিকে নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, আইনি বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ায় এ দেশে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনাকারী বিদেশি বহুজাতিক ও যৌথ মালিকানার ভালো কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার পথটি সংকুচিত হয়ে গেল। শেয়ারবাজারের জন্য এটি মোটেই ভালো কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ শেয়ারবাজারে যত বেশি ভালো কোম্পানি আসবে, বাজারের জন্য ততই ভালো। এ ছাড়া আইনি দৃষ্টিকোণ থেকে বিষয়টি অসম এক বিধান।
ফারুক আহমেদ সিদ্দিকী আরও জানান, দেশি কোম্পানির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকার বেশি হলেই ওই কোম্পানির শেয়ারবাজারে আসা বাধ্যতামূলক। আবার এ দেশে ব্যবসা করে বিদেশি বা যৌথ মালিকানার কোম্পানির ক্ষেত্রে এ ধরনের বিধান থাকবে না। আইন সবার জন্য সমান হওয়া উচিত। দেশি-বিদেশি কোম্পানিভেদে আইনের ভিন্নতা হওয়া উচিত নয়।
এ বিষয়ে বিএসইসির বক্তব্য জানতে চাইলে কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।