বিদেশি বিনিয়োগের অর্থ প্রত্যাবাসন সহজ হলো
বিদেশি বিনিয়োগকারীরা এ দেশে তাঁদের বিনিয়োগকৃত অর্থ এখন থেকে সহজে ফেরত নিয়ে যেতে পারবেন। এ জন্য বাংলাদেশ ব্যাংক বিদেশি বিনিয়োগের শেয়ার বিক্রির শর্ত শিথিল করেছে।
এত দিন শুধু শেয়ারের নিট সম্পদমূল্যের ভিত্তিতে অর্থ প্রত্যাবাসনের অনুমতি দেওয়া হতো। এখন এর সঙ্গে বাজারমূল্য ও কোম্পানির নগদ অর্থের প্রবাহ বিবেচনায় নিয়ে তৈরি শেয়ারের যৌক্তিক মূল্যের ভিত্তিতে অর্থ প্রত্যাবাসনের অনুমতি দেওয়া হবে।
এর ফলে কোনো বিনিয়োগকারী তাঁর শেয়ার বিক্রির পুরো অর্থই প্রত্যাবাসন করতে পারবেন বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার এ-সংক্রান্ত একটি নির্দেশনা সংশ্লিষ্ট সব পক্ষকে পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, অর্থ প্রত্যাবাসনের বিদ্যমান পদ্ধতি নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগ ছিল। যে কারণে নতুনভাবে হিসাবের পদ্ধতি নির্ধারণ করা হয়েছে, যা যথার্থ। এতে বিনিয়োগ বাড়বে বলেও তিনি ধারণা করেন।
জানা গেছে, শেয়ারমূল্য প্রত্যাবাসনের পদ্ধতি নিয়ে, বিশেষত লন্ডনের বিনিয়োগকারীদের সংগঠন ইএমপিইএ এবং সিডিসি গ্রুপ লন্ডন হাইকমিশনে আবেদন করে। হাইকমিশন শেয়ারমূল্য প্রত্যাবাসনের শর্ত শিথিলের আবেদনও করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে।
যোগাযোগ করা হলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি আফতাব-উল ইসলাম প্রথম আলোকে বলেন, হিসাবে নতুন পদ্ধতিটি ঠিকই আছে। তবে তিনি বলেন, ‘আমাদের হিসাবপদ্ধতিতে জটিলতা ও স্বচ্ছতার যথেষ্ট অভাব আছে। ফলে বাংলাদেশ ব্যাংক এবং যাঁরা এটাকে সত্যায়িত করছেন, তাঁদের সবারই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে মূল্যায়ন করতে হবে।’
বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়, এমন বেসরকারি কোম্পানিতে বিদেশি বিনিয়োগকারীর শেয়ার বিক্রির অর্থ প্রত্যাবাসনের আগে বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হয়। অর্থ প্রত্যাবাসনের ক্ষেত্রে শুধু নিট সম্পদমূল্য হিসাব করে কেন্দ্রীয় ব্যাংক অনুমতি দিত। আর শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো বাজারমূল্য ধরে তা বিক্রি করে দিতে পারত স্টক এক্সচেঞ্জের মাধ্যমে। যেটি এখনো থাকছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে নিট সম্পদমূল্য, বাজারমূল্য ও নগদ অর্থপ্রবাহ—এই তিনটি বিষয় বিবেচনায় নিয়ে শেয়ারের একটি যৌক্তিক দাম নির্ধারণ করে অর্থ প্রত্যাবাসনের আবেদন করা যাবে। নতুন পদ্ধতিতে শেয়ারের মূল্যমান হিসাবের ক্ষেত্রে বিএসইসির (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) তালিকাভুক্ত মার্চেন্ট ব্যাংক বা কোম্পানির মূল্যমান হিসাবের ক্ষেত্রে অভিজ্ঞ চার্টার্ড অ্যাকাউন্ট থেকে সার্টিফিকেট নিয়ে আবেদন করতে হবে।